অনেক প্রাপ্তির সফর শেষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ ফিরে এলেন মাইলফলক ছুঁয়ে। কারও হলো পুনর্জন্ম। অতৃপ্তি ঘোচালেন কেউ। কারও বা পূরণ হলো স্বপ্ন। মিহিন লঙ্কার এয়ারবাস তো নয়, ঢাকার বুকে ডানা মেলে নেমে এল যেন রূপকথার জগত্ থেকে ফেরা কোনো উড়ান।যে শ্রীলঙ্কা মানে ছিল কেবলই দুঃস্বপ্ন, এখন সেটাই আত্মবিশ্বাস জাগানিয়া সুখস্মৃতি। আগে শ্রীলঙ্কাফেরত ক্রিকেটাররা ‘সব ভুলে নতুন করে শুরুর প্রতিজ্ঞা’ই শোনাতে পারতেন কেবল। আর কাল দেশের মাটিতে পা দিয়ে অধিনায়ক মুশফিকুর রহিমের ঘোষণা, শ্রীলঙ্কায় পাওয়া সাফল্য ধরে রাখতে হবে। এমন স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ফুলেল শুভেচ্ছা দেওয়াই যায়। খেলোয়াড়দের জন্য ফুল এল বিসিবি থেকে। সবচেয়ে বড় তোড়াটা উপহার দিল অবশ্য বিমানবন্দর কর্তৃপক্ষ।ক্রমেই ক্ষয়ে যেতে থাকা মোহাম্মদ আশরাফুলের সামর্থ্য এই সফরেই খুঁজে পেয়েছে নতুন দিশা। শ্রীলঙ্কায় অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন, শ্রীলঙ্কায় গিয়েই হলো পুনর্জন্ম। দেশে ফিরে আশরাফুলও স্বীকার করলেন, ‘এটা আমার জন্য বড় এক স্বস্তি। গত ১২ বছরে আমি আসলে সামর্থ্যের তুলনায় কিছুই দিতে পারিনি। আমার এবং দলের জন্যও এ ধরনের একটা পারফরম্যান্স দরকার ছিল।’ সেটা পেয়ে যাওয়ায় এবারের শ্রীলঙ্কা সফরই আশরাফুলের কাছে সেরা সফর, ‘সিরিজটা দলীয় এবং ব্যক্তিগতভাবেও আমার জন্য ভালো হয়েছে। এটা আমার সেরা সফর। প্রতিটা ইনিংসেই ব্যাটিং উপভোগ করেছি।’ওয়ানডেতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে এসেছেন আবদুর রাজ্জাক। সদ্য সমাপ্ত সফর তাঁর স্মৃতিতেও থাকবে সোনালি ফ্রেমে বাঁধা, ‘আমার কাছে এটা বিশাল এক ব্যাপার। একটা মাইলফলক স্পর্শ করলাম আসলে। অনেক বড় অর্জন।’ জিম্বাবুয়ে সফরের ভিসা-সংক্রান্ত কাজ শেষ না হওয়ায় দলের সঙ্গে ফেরেননি জিয়া ও মোশাররফ। দক্ষিণ আফ্রিকা হয়ে যাবে বলে জিম্বাবুয়ে সফরের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসাও শ্রীলঙ্কা থেকে সংগ্রহ করতে হবে বাংলাদেশ দলকে।টেস্ট সেঞ্চুরি হয় হয় করেও হচ্ছিল না। নাসির হোসেনের সেই অতৃপ্তি দূর হয়ে গেল শ্রীলঙ্কায়। দলীয় সাফল্যের মধ্যে এমন ব্যক্তিগত অর্জন তাঁর জন্যও সফরটাকে করেছে বিশেষ কিছু, ‘এর আগে দুটো সেঞ্চুরি মিস করেছি। তাই জেদ ছিল এবার সেঞ্চুরি করবই। সেটা করতে পেরে ভালো লেগেছে। তবে আরও বড় ইনিংস খেলার সুযোগ ছিল...।’ বিমানবন্দরে নাসিরের থেমে আসা কণ্ঠ প্রাণ পেল পাল্লেকেলের ওয়ানডে জয় প্রসঙ্গ ওঠায়, ‘ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল উইকেটটা। আত্মবিশ্বাস ছিল, জেতা সম্ভব। আমি চেষ্টা করেছি শেষ পর্যন্ত খেলতে। সেটাই হয়ে গেছে।’তরুণ মমিনুল হক শ্রীলঙ্কা থেকে ফিরেছেন টেস্ট অভিষেকের স্বাদ নিয়ে। নিজে বড় কিছু করতে না পারার অতৃপ্তি আছে। তবে গল টেস্টের কথা মনে হলেই ভুলে যাচ্ছেন সব, ‘আশরাফুল ভাইয়ের ১৯০, মুশফিক ভাইয়ের ডাবল সেঞ্চুরি, নাসিরের সেঞ্চুরি—এ রকম ইনিংসগুলো আমি দেখেছি, একই টেস্টে খেলেছি। আমার সৌভাগ্য এই টেস্টে আমার অভিষেক হয়েছে।’টি-টোয়েন্টি ম্যাচ প্রসঙ্গে শাহাদাত হোসেন চাইলে উল্টো করে বলতে পারেন, ‘আমার দুর্ভাগ্য, এই ম্যাচে আমি খেলেছি...।’ বল হাতে নিজের প্রথম ওভারে দিলেন ১৪, শেষ ওভারে ২৪। ১৭ রানে হারা ম্যাচে স্বাভাবিকভাবেই সব দায় গিয়ে পড়েছে তাঁর কাঁধে। দেশে ফিরে আত্মপক্ষ সমর্থন করলেন শাহাদাত, ‘টি-টোয়েন্টিতে তো মারবেই, এটা আপনারাও জানেন। দলের যে রকম পরিকল্পনা ছিল, আমি সে রকম বোলিংই করেছি।’ আলাদা করে ব্যাখ্যা দিলেন প্রথম আর শেষ ওভারের, ‘প্রথম ওভার তো আর ইয়র্কার-বাউন্সার দিয়ে শুরু করা যায় না, লাইন-লেংথ ঠিক রাখতে হয়। কিন্তু ভালো বল করার পরও মেরে দিয়েছে। আর শেষ ওভারে শিশিরে বল ভিজে যাওয়ায় গ্রিপ হচ্ছিল না। যে কটা ইয়র্কার দিয়েছি, সব ফুলটস হয়ে গেছে।’শত সাফল্যের ভিড়েও না পাওয়ার বেদনা থাকে, থাকে টুকরা টুকরা অতৃপ্তি। ক্রিকেটটা এমন বলেই তো থাকে আরও ভালো করার প্রেরণা। জিম্বাবুয়ে সফর সেই হাতছানি দিয়েই ডাকছে।