এবার ভারতের বিশ্বকাপ সাফল্য নির্ভর করবে দৃশ্যমান এবং অদৃশ্য কিছু বিষয়ের ওপর। দৃশ্যমান মাঠে খেলোয়াড়দের দক্ষতা। অদৃশ্য বিষয়গুলো হলো মানসিক অবস্থা, নেতৃত্ব ও ভাগ্য।সাধারণভাবে বলা হয়, ভালো দল না হলে টেস্ট জেতা সম্ভব নয়। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আরও অনেক কিছু আপনার পক্ষে যেতে হবে। কখনো কখনো মাত্র একটা ভুলের বড় মাশুল আপনাকে গুনতে হতে পারে, ১৯৮৭ বিশ্বকাপে যেমন মাইক গ্যাটিংয়ের রিভার্স সুইপের জন্য গুনেছিল ইংল্যান্ড। এটা তো আর টেস্ট নয় যে ভুল শোধরানোর জন্য আছে দ্বিতীয় ইনিংস।দৃশ্যমান বিষয়গুলোর মধ্যে ভারতের সবচেয়ে শক্তিশালী দিক তাদের ব্যাটিং। দলে এমন অনেক ব্যাটসম্যান আছে, যারা লম্বা সময় ব্যাটিং করতে পারে। এমনকি বীরেন্দর শেবাগও এখন ৫০ ওভার ব্যাটিংয়ের কথা বলে! দলে এমন ব্যাটসম্যানও আছে যে ছিন্নভিন্ন করে দিতে পারে যেকোনো বোলিং আক্রমণ। সিনিয়র-জুনিয়র খেলোয়াড় মিলে দারুণ এক ভারসাম্য সাফল্যের প্রায় নিশ্চিত গ্যারান্টি দিচ্ছে।কিন্তু সঙ্গে সঙ্গেই আসে অদৃশ্য উপাদানগুলোর কথা। যদি উইকেট এমন মরা হয়, যেখানে অনেক রান তুলেও ব্যাটসম্যানরা নিশ্চিন্তে থাকতে পারবে না, এটা যথেষ্ট হলো কি না—তখন কী হবে? একটু আগে যেটিকে প্রায় নিশ্চয়তা ভাবছিল, সেটাই হয়ে যাচ্ছে নিজেদের প্রমাণ করে দেওয়ার তাগিদ। নিজেদের সেরাটারও বেশি দেওয়ার প্রয়োজন যখন পড়ে, তখন একই সঙ্গে চলে আসে ঝুঁকি। যে ঝুঁকি সুদৃঢ় ব্যাটিং লাইনআপকে বানিয়ে দেয় ভঙ্গুর। দৃশ্যমান আরেকটি উপাদান ভারতের বোলিং-বৈচিত্র্য। নতুন বলের বেশ কয়েকজন ভালো বোলার আছে ভারতের, আছে অভিজ্ঞ স্পিনার হরভজন সিং। সেরা ব্যাটসম্যানটিকেও ধন্দে ফেলে দেওয়ার মতো অস্ত্র ওর তূণে আছে। ওকে সামলানো কঠিন। বিশ্বকাপের প্রত্যেক ব্যাটসম্যানের দুশ্চিন্তা কাঁটা হয়ে থাকবে জহির আর ‘ভাজ্জি’।এবার অদৃশ্য উপাদানগুলোর প্রসঙ্গে আসুন। কী হবে, যদি ব্যাটিং লাইনআপে ধস নামে? লক্ষ্য কম হলে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা হরভজন আর জহিরকে দেখেশুনে খেলবেন, চড়াও হবেন অনিয়মিত বোলারদের ওপর। তখন কী হবে?তখনই আসবে ভাগ্য আর নেতৃত্বের প্রসঙ্গটি। মহেন্দ্র সিং ধোনির মধ্যে ভারত এমন একজন অধিনায়ক পেয়েছে, যে কিনা ভাগ্য গড়ে দিতে পারে। ওর ফিল্ডিং সাজানো শুধু উৎসাহব্যঞ্জকই নয়, সচতুরও। ধোনি মাথা ঠান্ডা রেখে কাজ করে, দলের মধ্যে একটা স্থিরতাও এনেছে, যেটি বিশ্বকাপের লম্বা সময়টায় প্রবল চাপের মধ্যে কাজে দেবে। নিজের মাঠে খেলার যে চাপ, সেটিকেও হালকা করে দেখার উপায় নেই। হোম কন্ডিশনে সমর্থন ও চাপ হাতধরাধরি করে থাকে। এমন পরিস্থিতিতে বিশেষ করে তরুণেরা খেলায় পুরো মনোনিবেশ করতে পারে না। এক দলের এক ম্যাচ থেকে আরেক ম্যাচের মধ্যে যে দূরত্ব, এটিও ছন্দপতন ঘটাতে পারে। লম্বা টুর্নামেন্টে আসলে দলগুলোর প্রস্তুতি কেমন, সেটিও বড় বিষয় হয়ে দাঁড়ায়।ভারতের জন্য কি শুরুতেই নিজেদের সেরাটা খেলা ভালো, নাকি ধীরে ধীরে এগিয়ে যাওয়া? নিজেদের সেরা পর্যায়ে একটু আগে কিংবা একটু পরে পৌঁছানোটাই কি প্রভাবক হয়ে দাঁড়াবে? বাঁকে বাঁকে লুকিয়ে আছে অজস্র বিষয়। বিক্রমশালী যোদ্ধা আর লড়াকুদের আসলে এতসবে মাথা না ঘামিয়ে একটা কাজই করে যেতে হবে—মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়া, ম্যাচ জেতানো। অনেক কিছুই অনিশ্চিত। তবে একটা নিশ্চয়তা দেওয়া যায়—ভারতের এই দলটা গৌরবটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়।