অনেক সুখস্মৃতির সেই মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেসিংরুমের সামনে শ-খানেক কিশোর-তরুণের ভিড়। কারও কণ্ঠে, ‘আশরাফুল...আশরাফুল’ চিৎকার, কেউ ডাকছেন তামিম ইকবালকে। হঠাৎ সাকিব আল হাসান এসে ড্রেসিংরুম থেকে ছুড়ে মারলেন একটা জার্সি। তাঁর দেখাদেখি আরও কেউ কেউ। বাংলাদেশের জার্সি নিয়ে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠের দর্শকদের সে কি কাড়াকাড়ি! অথচ এই দর্শকেরা কেউই বাংলাদেশি নয়।ঘটনাটা ২০০৯ সালের জিম্বাবুয়ে সফরের। কাল কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দাঁড়িয়ে আরেকবার মনে পড়ে গেল প্রায় চার বছর আগের সেই স্মৃতি। বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল। অথচ নিজেদের দলের জন্য শোকগাথা রচনা বাদ দিয়ে বুলাওয়ের মানুষ মিশে গেল লাল-সবুজের উৎসবে। সেই পুরোনো স্মৃতি জেগে ওঠার সময়টায় কানে বাজছিল একটু আগের সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের কথাটাও, ‘এখানে আসাটা আমাদের জন্য অবশ্যই স্বস্তির। এ মাঠে ৮টি ওয়ানডে খেলে ৬টিতেই জিতেছি। শেষবারও জিতেছি সব ম্যাচ। বুলাওয়েতে আমাদের অনেক ভালো স্মৃতি আছে।’বুলাওয়ের মানুষ যে জিম্বাবুয়ে দলকে সমর্থন করে না, তা নয়। তবে দিন শেষে জয়-পরাজয় ভুলে তারা হয়ে যেতে পারে উৎসবের অংশ। ব্যাটে রান আর বলে উইকেট থাকলে তামিম-সাকিবও ছোট্ট এই শহরের মানুষের কাছে হয়ে ওঠেন টেলর-মাসাকাদজার চেয়েও প্রিয়। বুলাওয়েতে তাই দুই রকম ভালো স্মৃতিই আছে বাংলাদেশ দলের। ২০০৯ সালের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে যাওয়ার সুখানুভূতি যেমন আছে, আছে ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়ানোর ইতিহাসও। ২০১১ সালে হারারেতে টানা তিন ম্যাচ হেরে সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে যাওয়ার পর এই বুলাওয়েতে এসেই বাংলাদেশ পেয়েছিল সান্ত্বনার দুটি জয়।জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরও মানেন, এই মাঠ তাদের চেয়ে বাংলাদেশ দলের জন্যই বেশি পয়মন্ত। হারারেতে টেস্ট সিরিজ ড্র করে আসার পর নতুন করে আশাবাদী তাই হতেই পারেন মুশফিক, ‘এটা ঠিক, ওয়ানডে অন্য ধরনের খেলা। আর জিম্বাবুয়েও খেলবে নিজেদের মাঠে। তবে ওয়ানডেতে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। সেই আত্মবিশ্বাস কাজে লাগবে। আশা করি, সাফল্যের যে ধারাবাহিকতার মধ্যে আছি, সেটা কালও (আজ) ধরে রাখতে পারব।’হারারেতে প্রথম টেস্ট ২০১১ সালের অশুভ ছায়াই ছড়িয়ে দিয়েছিল বাংলাদেশ দলে। কিন্তু সেই ছায়া সরিয়ে দিয়েছে দ্বিতীয় টেস্টে জয়ের আলো। অধিনায়কের কণ্ঠেও শোনা গেল একই প্রতিধ্বনি, ‘আমরা এখানে সব কটি সিরিজই জেতার জন্য এসেছিলাম। প্রথম টেস্টটা হেরে যাওয়ার পর সিরিজ ড্র করতে পারাও অনেক গুরুত্বপূর্ণ। তবে ওয়ানডেতে আমরা প্রতিটা ম্যাচই জেতার জন্য খেলব।’টেস্ট সিরিজের পরও খুব একটা বিশ্রামে ছিল না বাংলাদেশ দল। টেস্ট শেষ হওয়ার পরদিন ঐচ্ছিক অনুশীলন। পরশু সকালে হারারে থেকে বুলাওয়ে উড়ে এসে দুপুরের পর পুরো দলই নেমেছে অনুশীলনে। কালকের অনুশীলনে নেট প্র্যাকটিসের পর ফিল্ডিং প্র্যাকটিসেও অনেকটা সময় দিলেন কোচ শেন জার্গেনসেন। পেসার রবিউল ইসলামের ওয়ানডে অভিষেক অনেকটাই নিশ্চিত হওয়ায় তাঁকে নিয়েও আলাদা কাজ করেছেন কোচ। দ্বিতীয় টেস্টে ৫টি নো বল করেছিলেন রবিউল। ওয়ানডেতে তাঁকে মাঠে নামার আগে তাই ভাবতে হচ্ছে এ নিয়েও। জার্গেনসেন সংবাদ সম্মেলনেই জানালেন, ‘রবিউলের নো বল নিয়েও আমরা আজ কাজ করেছি। ওয়ানডের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ।’হারারের মতো বুলাওয়ের উইকেট পেসারদের দিকে তাকিয়ে অতটা হাসবে না বলেই ধারণা। তার পরও টেস্ট সিরিজ থেকে নিয়ে আসা আত্মবিশ্বাস দিয়ে রবিউল যদি ভালো একটা শুরু এনে দিতে পারেন দলকে, বাকিটা টেনে নেওয়ার জন্য তো স্পিনাররা আছেনই। অধিনায়ক মুশফিকও আছেন এই স্পিনারদেরই ভরসায়, ‘বোলিং পেস-স্পিন মিলেই হবে। তবে এখানকার উইকেট হারারের মতো ও রকম সিমিং নয়, একটু শুকনো। এখানে স্পিনাররা সাহায্য পায়, যেটা আমাদের বোলিং আক্রমণের জন্য ভালো।’বুলাওয়েতে এসে কি তাহলে এবারও ‘হোম কন্ডিশন’ খুঁজে পাবেন মুশফিকুর রহিম!ফিকশ্চার৩ মে ১ম ওয়ানডে বুলাওয়ে৫ মে ২য় ওয়ানডে বুলাওয়ে৮ মে ৩য় ওয়ানডে বুলাওয়ে