একটা মাত্র টি-টোয়েন্টি, স্রেফ তিন ঘণ্টার একটি ম্যাচের জন্য মুম্বাই থেকে সুদূর জোহানেসবার্গে পাড়ি! কয়েক বছর আগে হলেও ‘পাগুলে কাণ্ড’ প্রলাপ বলে উড়িয়ে দেওয়া হতো। কিন্তু এই ক্রিকেট-বাণিজ্যের যুগে কি আর অসম্ভব বলে কিছু আছে! ওয়ান্ডারার্সে আজ তাই একটি টি-টোয়েন্টির ‘সিরিজে’ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ভারত।তবে একটা দিক থেকে সাধুবাদ পেতে পারে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বাণিজ্যের মোড়কে হলেও এ আয়োজনের ভালো উদ্দেশ্যও আছে। আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে অবদানের জন্য সম্মাননা জানানো হবে জ্যাক ক্যালিসকে। বড় অঙ্কের অনুদানও দেওয়া হবে জ্যাক ক্যালিস ফাউন্ডেশনে। দক্ষিণ আফ্রিকার সুবিধাবঞ্চিত শিশুদের ক্রিকেটবৃত্তি দিয়ে থাকে ক্যালিসের ফাউন্ডেশন। ক্যালিস আবার সহায়তা করবেন যুবরাজ সিং ফাউন্ডেশনে। গত বছরও একটি টি-টোয়েন্টি খেলেছিল এই দুই দল, যে ম্যাচে বিদায় সংবর্ধনা জানানো হয়েছিল মাখায়া এনটিনিকে। তবে সেটা ছিল ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের অংশ, একটা ম্যাচের জন্য এত দূর উড়ে যেতে হয়নি। এবার থেকে প্রতিবছর নিয়মিতই হবে এ আয়োজন। মূল উদ্দেশ্য অবশ্যই বাণিজ্য। এর মধ্যেও যদি এমন কোনো মহৎ উদ্যোগ থাকে, তবে মন্দ কী!দুই দলের ক্রিকেটারদের মাথায় অবশ্য এসব কিছুই থাকার কথা নয়। মুখে যে যা-ই বলুন, এই ম্যাচটা তাঁদের কাছে বোঝা মনে হওয়ারই কথা। উভয় দলই দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে গত বুধবার। নিউজিল্যান্ডে লম্বা এক সিরিজ ও দীর্ঘ বিমানভ্রমণ শেষে দেশে ফিরে ক্লান্তিটা লুকায়নি প্রোটিয়ারা। কোচ গ্যারি কারস্টেনের কৌতুক, ‘একটাই মাত্র ম্যাচ, আমরা চেষ্টা করব ম্যাচটাকে সহজভাবে নিতে। অবশ্য যদি আমরা জেগে থাকতে পারি!’ সহজভাবে নিতেই হয়তো নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলা খেলোয়াড়দের মধ্যে আজকের ম্যাচের দলে আছেন শুধু ক্যালিস ও সতসোবে। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও সহ-অধিনায়ক হাশিম আমলার বিশ্রামে নেতৃত্ব দেবেন ইয়োহান বোথা। দলে আনকোরা মুখ আছে দুটি।ভারতের অবস্থা আরও খারাপ। ক্রিকেট-বাণিজ্যের মহাকারবারি তারা, চুক্তিতে নিশ্চয়ই ছিল প্রথম দলই পাঠাতে হবে। জহির খান ও বীরেন্দর শেবাগ ছাড়া মোটামুটি প্রথম সারির সবাই আছেন দলে। ভারতের ব্যস্ততার যেন কোনো শেষ নেই। গত বছরের দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই ধরা যাক। দেড় মাসজুড়ে বিশ্বকাপ, এরপর প্রায় দুই মাস আইপিএল...ওয়েস্ট ইন্ডিজ সফর, ইংল্যান্ড সফর, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ, অস্ট্রেলিয়া সফর, এশিয়া কাপ...এরপর এই ম্যাচ। ৪ এপ্রিল থেকে আবার আইপিএল! ‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’ বলারও জো নেই। মহেন্দ্র সিং ধোনি তাই হাসিমুখে বলছেন, ‘দলের সবাই খুশি, কোনো সমস্যা নেই।’ কোচ ডানকান ফ্লেচার বোঝানোর চেষ্টা করছেন কতটা অভিজ্ঞতা হবে তরুণদের।একটা টি-টোয়েন্টি ম্যাচ খেলে ‘বড়’ অভিজ্ঞতা অর্জন...টাকা আসলেই কথা বলে! ওয়েবসাইট।