অনেক ‘প্রথম’র বিশ্বকাপ
এবারের বিশ্বকাপকে ‘অনেক নতুনের বিশ্বকাপ’ হিসেবেই ফুটবলভক্তরা মনে রাখবেন অনেক দিন। এমনিতেই ২০১০ বিশ্বকাপ অনেক কারণেই স্মরণীয় হয়ে থাকবে সবার কাছে। আফ্রিকা মহাদেশে প্রথমবারের মতো ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর সফল আয়োজন, বিশ্বকে একটি নতুন চ্যাম্পিয়ন উপহার দেওয়ার মতো দুটি ঘটনায় অনন্তকাল ধরে আলোচিত হবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ১৯তম বিশ্বকাপের আসরটি।স্পেন প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বকাপের ট্রফিটি দেশে নিয়ে গেছে—এ ব্যাপারটি অনেক বড় একটি ঘটনা। এ নিয়ে আলোচনা থাকাটাই খুব স্বাভাবিক। কিন্তু এবারের বিশ্বকাপে এমন ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে, যেগুলো তেমন আলোচিত না হলেও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্ব বহন করে। গ্রিসের কথাই ধরা যাক। গ্রিস এবারের বিশ্বকাপে পেয়েছে তাদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়। শুধু তাই নয়, নাইজেরিয়ার বিপক্ষে দিমিত্রিয়োস সালপিংগিদেসের গোলটি ছিল বিশ্বকাপে করা গ্রিসের প্রথম গোল। একইভাবে স্লোভেনিয়া দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে এসে আলজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে পেয়েছে বিশ্বকাপে তাদের প্রথম জয়। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ তাই গ্রিস ও স্লোভেনিয়ার ইতিহাসে অন্যরকম একটি জায়গারই দাবি করতে পারে।জাপান এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের চূড়ান্তপর্বে নিজেদের জায়গা করে নিয়েছিল। তবে প্রথম ম্যাচেই ক্যামেরুনকে ২-১ গোলে হারিয়ে জাপান বিশ্বকাপে নিজ দেশের বাইরে প্রথমবারের মতো জয়ের গৌরব অর্জন করে। ২০০২-এ নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে জাপান জয় পেলেও বিদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে জাপানের জয় এবারই প্রথম। জাপান এবারের বিশ্বকাপে আরেকটি ‘প্রথম’-এর সম্মানে সম্মানিত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্ককে ৩-১ গোলে হারিয়ে জাপান পেয়েছে বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ম্যাচে দুইয়ের অধিক গোল করার আনন্দ।নিউজিল্যান্ড এবার পেয়েছে বিশ্বকাপে তাদের প্রথম পয়েন্ট। প্রথমবারের মতো খেলতে আসা স্লোভাকিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রর মধ্য দিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় প্রথমবারের মতো ওঠে তাদের নাম।ব্রাজিলের বিপক্ষে আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবা প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে গোল করার অনন্য নজির স্থাপন করেছেন। সার্বিয়ার গোলরক্ষক ভ্লাদিমির স্টকোভিচ জার্মানির বিপক্ষে লুকাস পোডলস্কির পেনাল্টি ঠেকিয়ে প্রথম সার্ব গোলরক্ষক হিসেবে বিশ্বকাপে পেনাল্টি ফিরিয়ে দেওয়ার গৌরব অর্জন করেন। গোলরক্ষকের প্রসঙ্গ যখন এসেই গেল, তখন স্পেনের বিশ্বজয়ী ইকার ক্যাসিয়াসের নাম এসে যাবে আরেকটি অনন্য কীর্তির কারণে। ক্যাসিয়াস প্রথম গোলরক্ষক হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপের আসরে পেনাল্টি ঠেকানোর কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে ক্যাসিয়াস ২০০২ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি ঠেকিয়েছিলেন। এবার কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে অস্কার করদোজোর পেনাল্টি ঠেকিয়ে দিয়ে তিনি এই গৌরবটি একান্তই নিজের করে নেন। ঘানার আসোমাহ গায়ান প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে পেনাল্টি মিস করার দুঃখে ভেসেছেন। ২০০৬ সালের বিশ্বকাপে তিনি চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন। এবার করলেন বিশ্বকাপের সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে। বিশ্বকাপ আসর বোধ হয় চিরন্তন আক্ষেপেরই উত্স হয়ে থাকবে আসোমাহ গায়ানের।বিশ্বকাপে প্রথমবারের মতো দেশের হয়ে আত্মঘাতী গোল করার মতো বিস্মরণযোগ্য একটি ব্যাপারেরও সাক্ষী হয়েছে এবারের বিশ্বকাপ। ডেনিশ ডিফেন্ডার ড্যানিয়েল অ্যাগের ডেনমার্কের হয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো আত্মঘাতী গোল করার লজ্জায় পুড়েছেন।জন্মদাতা পিতা দলের কোচ। আর তাঁর সন্তান হয়ে বিশ্বকাপের আসরে দেশের পক্ষে গোল করার মতো একটি চমৎকার ঘটনাও ঘটেছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। স্লোভেনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে মাইকেল ব্র্যাডলির করা গোলটি তাই ইতিহাসে অন্যরকমই এক মর্যাদা পাবে। ফিফা ডট কম।