ফুটবলারদের দুই মাসব্যাপী দলবদল শেষ হলো কাল। শেষ দিনে ১২টি ঘোড়ার গাড়িতে চড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র বাফুফে ভবনে আসে দলবদলের আনুষ্ঠানিকতা সারতে। ক্লাবের টি-শার্ট পরে শ-দুয়েক সমর্থকও এসেছেন। শেষ দিনে ফরাশগঞ্জও এসেছে, তবে নতুন মৌসুমে সবচেয়ে জমজমাট দলবদল করল শেখ রাসেলই। শেখ রাসেল মোটামুটি বড় বাজেটের দল গড়ে লিগে প্রায় নিয়মিতই তৃতীয়-চতুর্থ স্থানে ঘুরপাক খায়। এবার সেই ধারা ভাঙতেই গড়া হলো গতবারের চেয়ে শক্তিশালী দল। মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব, একই দলের ডিফেন্ডার ইয়ামিন মুন্না, মিডফিল্ডার জাহেদ পারভেজ, নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা ওলালেকান, ব্রাদার্সের মিডফিল্ডার ফয়সাল মাহমুদ ও মোহামেডানের স্ট্রাইকার আনোয়ার যোগ দিয়েছেন শেখ রাসেলে। ইমন বাবু, মেজবাউল মানিক, ইউসুফরা থাকলেন, তবে দল ছেড়েছেন গোলরক্ষক মামুন খান ও মিডফিল্ডার মোনায়েম। দলটির বড় শক্তি মুক্তিযোদ্ধা ছেড়ে আসা কোচ মারুফুল হক। কারা এগিয়ে কাগজ-কলমে? ফুটবল বিশেষজ্ঞের মুখেই আবাহনীর নাম। সবদিক দিয়েই দলটা ভারসাম্যপূর্ণ।শেখ রাসেলের কোচ মারুফুল হক যেমন বলছেন, ‘কাগজ-কলমে চাইলে আবাহনীকে এক নম্বর বলাই যায়।’ তবে কাগজ-কলমই তো আর শেষ নয়। ভালো মানের বিদেশিও বড় প্রভাবক। মারুফ বলছেন, ‘আমরাও পিছিয়ে নেই। চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল করেছে শেখ রাসেল। মাঠে এক ইঞ্চি জমিও আমরা ছাড়ব না।’ একই দাবি নিয়ে লড়বে গতবারের বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল এবং রানার্সআপ মুক্তিযোদ্ধা। তবে মোহামেডান কাগজ-কলমে পিছিয়ে থাকায় এবারও সেভাবে আলোচনায় আসছে না। গতবার পাতানো খেলার দায়ে শেখ জামালের শিরোপাটা প্রশ্নবিদ্ধ ছিল। নতুন মৌসুমের দলটায় তারকার ঝলকানি নেই। তবে অধিনায়ক আমিনুল বলছেন, ‘ভালো বিদেশি দিয়ে ঘাটতি পূরণ করা গেলে ভালোভাবেই লড়াইয়ে থাকব আমরা। প্রথম সারির পাঁচ-ছয়টা দল বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’ মারুফের মতো মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলামও কাগজের হিসাবে এগিয়ে রাখছেন আবাহনীকে, ‘স্থানীয় সংগ্রহে আবাহনী সবার চেয়ে এগিয়ে। এরপর মুক্তিযোদ্ধা, শেখ জামাল, শেখ রাসেল। বিজেএমসিও খারাপ নয়। ঘাটতিটা বিদেশি দিয়েই পুষিয়ে নেবে দলগুলো। সব দলে ভালো মানের কোচও আছেন। এটা ভালো দিক। একটা জমজমাট লড়াইয়েই অপেক্ষা করব আমরা।’মারুফ-শফিকুলদের চোখে আবাহনী যতই এগিয়ে থাকুক, আসল লড়াইটা কিন্তু মাঠে!