অন্তঃসত্ত্বা ছিলেন স্টিনক্যাম্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক যেন কোনো ক্রাইম থ্রিলার। অস্কার পিস্টোরিয়াসের ‘বান্ধবী হত্যা’ উপাখ্যানের প্রতিটি পাতাই উপহার দিচ্ছে নতুন নতুন চমক। সোমবারই যেমন শোনা গেল মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন রিভা স্টিনক্যাম্প। যুক্তরাষ্ট্রের একটি সুপারমার্কেট ট্যাবলয়েড দ্য ন্যাশনাল এনকোয়ারার জানাল পিস্টোরিয়াসের বাবা হওয়া নিয়েই ঝামেলার সূত্রপাত। হত্যাকাণ্ডের তদন্তকারী সংস্থার একজন নাকি এনকোয়ারকে জানিয়েছে ঘটনার রাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটা স্টিনক্যাম্প জানাতেই উত্তেজিত হয়ে পড়েন ‘ব্লেড রানার’। স্টিনক্যাম্প প্রতারণা করেছেন, সম্পর্ক গড়েছেন আরেকজনের সঙ্গে, এই অভিযোগ নাকি তুলেছিলেন পিস্টোরিয়াস। আর এর পর কথা-কাটাকাটির এক পর্যায়েই ওই ঘটনা। তবে কাল স্টিনক্যাম্পের পরিবার রিভার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটাকে অস্বীকার করেছে। রিভার চাচা মাইক স্টিনক্যাম্প প্রতিবেদনটির সত্যাসত্য নিয়ে প্রশ্ন তুলে বলেছেন এমনটা হলে রিভার মা অবশ্যই জানতেন। দক্ষিণ আফ্রিকান সংবাদপত্র টাইমস লাইভকে মাইক জানিয়েছেন, ‘রিভা অন্তঃসত্ত্বা হলে ময়নাতদন্তে অবশ্যই সেটা বেরিয়ে আসত। কিন্তু এটা তো এমন কিছুই দেখায়নি।’ এ ছাড়া এখন সহানুভূতি পেতেই এমন গাল-গল্পের বানানো হচ্ছে বলেও অভিযোগ করেন মাইক। আসল ঘটনা যা-ই হোক, হত্যাকাণ্ডের পর থেকেই মুহ্যমান পিস্টোরিয়াস। পরশু নাকি চাচার বাড়িতে পারিবারিক এক স্মৃতিচারণা অনুষ্ঠানেরও আয়োজন করেন পা-হীন এই অ্যাথলেট। জামিন পাওয়ার পর থেকে প্রিটোরিয়ায় চাচার বাড়িতেই আছেন পিস্টোরিয়াস। গোপনে আয়োজিত এই অনুষ্ঠানের খবর ফাঁস করেছে স্কাই নিউজ। এর পরই পিস্টোরিয়াসের মুখপাত্র বিবৃতিতে জানিয়ে দেয় সত্যিই হয়েছে অনুষ্ঠানটা। ওয়েবসাইট।