অন্তত তালাক পেলেন আয়েশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল’র দোরগোড়ায় পৌঁছে গেছে ‘সানিয়া-মালিক আখ্যান’। সব ঝামেলার জট খুলতে শুরু করেছে। সিদ্দিকি পরিবারের দাবি অনুযায়ী আয়েশাকে তালাক দিয়েছেন শোয়েব মালিক। এরই মধ্যে তালাকনামায় সইও করেছেন। সিদ্দিকির পরিবারও কথা দিয়েছে, পাকিস্তানি অলরাউন্ডারের বিপক্ষে পুলিশির কাছে দায়ের করা অভিযোগ ফিরিয়ে নেওয়া হবে।ঘটনা মূলত জট পাকিয়ে ছিল এখানেই। সিদ্দিকির পরিবার দাবি করেছিল, সানিয়া মির্জাকে বিয়ে করার আগে মালিককে অবশ্যই তালাক দিতে হবে তাঁর ‘প্রথম’ স্ত্রীকে। আর মালিক দাবি করেছিলেন, ওই বিয়ে তিনি মানেন না, তাই তালাকের প্রশ্নই ওঠে না। কারণ প্রথম বিয়েটা হয়েছে প্রতারণার মাধ্যমে। শেষ পর্যন্ত পুলিশ পর্যন্ত গড়ায় ঘটনা। অবশেষে কাল হায়দরাবাদের মুসলিম নেতারা দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দেন। মুসলিম আইন অনুযায়ী, খোরপোশ বাবদ আয়েশাকে ১৫ হাজার রুপি দিতে হবে মালিককে। তিন মাস ৫ হাজার রুপি করে এই টাকা তাঁকে দিতে হবে।‘তালাকনামায় সই করা হয়ে গেছে। আমার মেয়ে চেয়েছিল যেকোনো মূল্যে তালাক নেওয়া। অবশেষে তার চাওয়া পূরণ হয়েছে। আমি এখন সন্তুষ্ট যে শোয়েব তাকে তালাক দিয়েছে’—কাল এক সংবাদ সম্মেলনে বলেছেন আয়েশার মা ফারিসা সিদ্দিকি। মালিকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হবে জানিয়ে তিনি বলেছেন, ‘শোয়েব অবশেষে সোজা পথে এসেছে। সম্প্রদায়ের নেতারা ওর সঙ্গে বসেছিল সমঝোতার জন্য। অবশেষে একটা মতৈক্যে পৌঁছানো গেছে। অবশেষে আমার মেয়ে ন্যায়বিচার পেল। আমরা ওর বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিচ্ছি।’যেমন নাটকীয়ভাবে ঘটনার জট পাকিয়েছিল, তেমনই নাটকীয়তায় এর শেষের শুরু হলো। পরশু পর্যন্ত আন্দাজ করা যায়নি, এত দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। হায়দরাবাদের এই দুই স্বনামধন্য পরিবার, নিজ নিজ সম্প্রদায় এবং ধর্মের ভাবমূর্তি বিপন্ন হচ্ছিল দেখে ধর্মীয় নেতারা সমঝোতার উদ্যোগ নেন। পরশু রাতভর দুই পরিবারকে নিয়ে বৈঠক হয় বলে জানা গেছে। অবশেষে দুই পক্ষ শান্তিপূর্ণ সমাধানে রাজি হয়।এই তালাকের ফলে মালিকের প্রথম স্ত্রী হিসেবেও আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন আয়েশা। ফলে সানিয়া শেষ পর্যন্ত মালিকের দ্বিতীয় স্ত্রীই হচ্ছেন। কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়—সানিয়ার জন্য সান্ত্বনা বোধ হয় এটাই! এএফপি, ওয়েবসাইট।