অন্তর্দ্বন্দ্বে ডুবছে আবাহনী
সমর্থকেরা একটা ক্লাবের প্রাণ। তবে আবাহনীর ক্ষেত্রে এটিকে এখন ভিন্ন চোখে দেখছেন অনেকেই। আবাহনীর সমর্থকেরা এখন আর মাঠে গিয়ে দলকে উৎসাহিত করেন না। তাঁরা সারাক্ষণ গালাগাল করতে থাকেন খেলোয়াড়দের। দল সঠিক পথে নেই—এ কারণ দেখিয়ে সমর্থকেরা লক্ষ্যবস্তু বানিয়েছেন একজন কর্মকর্তাকে।
বলা হচ্ছে, দলের বিবর্ণ অবস্থার জন্য দায়ী ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। রুপুর কাঠগড়ায় সমর্থকগোষ্ঠীর নেতা এনাম-ই-খোদা জুলু। কিছুদিন ধরে পর্দার আড়ালে থাকা এ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ৯ এপ্রিল স্বাধীনতা কাপে মোহামেডানের কাছে আবাহনীর হারের পর। তারই ধারাবাহিকতায় পরশু সমর্থকেরা গ্যালারিতে কালো পতাকা উড়িয়ে দলের খেলা বর্জন করেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ঢাকার ফুটবলে এটি নজিরবিহীন।
৯ এপ্রিল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ ছিলেন আবাহনীর খেলোয়াড়েরা। মারমুখী সমর্থকেরা তাঁদের বের হতে দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত মারপিট লেগে যায় দুই পক্ষে। জুলুর অভিযোগ, ‘ম্যানেজারের নেতৃত্বে পাঁচজন খেলোয়াড় (মিশু, সোহেল, শাহেদ, প্রাণতোষ ও শওকত) সমর্থকদের মেরেছে। পুলিশের রিপোর্টেই আছে, ম্যানেজার ওই মারপিটের নেতৃত্ব দিয়েছেন। ম্যানেজার ক্লাবটাকে শেষ করে দিচ্ছেন।’
এসব অভিযোগ অস্বীকার করেছেন রুপু, ‘সমর্থকগোষ্ঠীর কাজ মাঠে এসে দলকে উৎসাহিত করা। সেটা না করে ওরা গন্ডগোল পাকিয়ে খেলোয়াড়দের মারধর করছে। কারও বিরুদ্ধে বক্তব্য থাকলে তা ক্লাব ফোরামে তোলার একটা প্রক্রিয়া আছে। সেই পথে না গিয়ে মাঠে এসে খেলোয়াড়দের মারধর করা তো সমর্থকদের কাজ হতে পারে না।’
দুই পক্ষের এ দ্বন্দ্বের জেরে আবাহনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা এখন হুমকির মুখে। সমর্থকেরা উত্তেজিত। ম্যানেজার-খেলোয়াড়েরাও অশান্ত, উসকানির ফাঁদে পা দিচ্ছেন। পার্শ্বপ্রতিক্রিয়ায় পরশু ব্রাদার্সের কাছে হেরে গেছে আবাহনী। বাংলাদেশ লিগে শীর্ষে থাকা শেখ জামালের চেয়ে আবাহনী এখন পাঁচ পয়েন্ট পেছনে। মাঠের ব্যর্থতা দীর্ঘায়িত হচ্ছে আকাশি-নীলদের।
খেলোয়াড়েরা মারপিটে জড়াচ্ছেন কেন? আবাহনীর ‘ঘরের ছেলে’ মিডফিল্ডার প্রাণতোষের উত্তর, ‘সমর্থকেরা খেলোয়াড়দের গায়ে হাত দিলে খেলোয়াড় তো বসে থাকবে না। ওরা (সমর্থক নেতারা) তো কিছুদিন ধরে মাঠে গিয়ে ওয়ার্মআপ থেকেই খেলোয়াড়দের গালাগাল শুরু করে। দল প্রতিদিন জিতবে না। বিশ্বসেরা ক্লাব বার্সেলোনা হারছে না এখন? বার্সার সমর্থকেরা কি আমাদের সমর্থকদের মতো আচরণ করে?’
ম্যানেজার জানিয়েছেন, আবাহনীর ফুটবল দলের তত্ত্বাবধায়ক পরিচালক কাজী নাবিল আহমেদ ২২ মে বিদেশ থেকে ঢাকা ফিরলে সমর্থক নেতাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে ৯ তারিখের ঘটনা নিয়ে কয়েকজন সমর্থক নেতার নাম উল্লেখ করে থানায় ডায়েরি করা হয়েছে। অন্যদিকে সমর্থক নেতারা আরও বড় ‘কর্মসূচি’ নেওয়ার চিন্তা করছেন বলে জানালেন জুলু।
অন্তর্দ্বন্দ্ব ক্লাবকে পেছনের দিকেই টানে। আবাহনীও পেছনের দিকে হাঁটছে।