অন্ধ না-হয়েও 'ব্লাইন্ড', নিরীহ হয়েও 'ডেঞ্জার'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন মায়াবী চোখ যাঁর, তাঁর নাম কিনা ব্লাইন্ড! আয়াক্সের ফুটবলার ডালি ব্লাইন্ড
এমন মায়াবী চোখ যাঁর, তাঁর নাম কিনা ব্লাইন্ড! আয়াক্সের ফুটবলার ডালি ব্লাইন্ড

অন্ধ তিনি মোটেও নন। দিব্যি দেখছেন। অন্ধ হলে কি আর রক্ষণদুর্গ সামলানোর মতো একটা কাজ পান! অথচ তাঁর পিঠে বড় করে লেখা ‘ব্লাইন্ড’!
বার্সেলোনা-আয়াক্স চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচটিতে খেলেছেন এই ডিফেন্ডার। পুরো নাম ডালি ব্লাইন্ড। জার্সি নম্বর ১৭। ব্লাইন্ড এই ডাচ ফুটবলারের পারিবারিক উপাধি। তাঁর বাবা ড্যানি ব্লাইন্ডও একসময় আয়াক্সে খেলেছেন। বাবার মতো তিনিও হয়েছেন ডিফেন্ডার।
অন্ধ না হলেও ব্লাইন্ডের চোখ কিন্তু বারবার এদিন ধাঁধিয়ে যাচ্ছিল মেসির আলোতে। লিওনেল মেসি এদিন আসলে অন্ধ করে দিয়েছিলেন আয়াক্সের পুরো রক্ষণভাগই। তাঁদের বোকা বানিয়েই তো আয়াক্সের জালে এদিন তিন তিনটা গোল পুরেছেন মেসি!

ব্লাইন্ডের মতো কিছু অদ্ভুত নামের ফুটবলার আছেন কিংবা ছিলেন। সত্তরের দশকে আলজেরিয়ার এক ফুটবলার ছিলেন, যাঁর নাম ব্যানডিট! মানে কিনা দস্যু! পুরো নাম আর্স ব্যানডিট। ফুটবলের মতো একটা নিরীহ খেলা তিনি খেলেছেন দস্যু নাম নিয়ে। তাঁর সম্পর্কে অবশ্য খুব বেশি কিছু জানা যায় না। জানা গেলে বোঝা যেত, মাঠে দস্যুগিরিও তিনি করেছেন কি না।

বঙ্গ নয়, তিনি কঙ্গোর ফুটবলার। নাম যদিও ক্রাইস্ট বঙ্গ!
বঙ্গ নয়, তিনি কঙ্গোর ফুটবলার। নাম যদিও ক্রাইস্ট বঙ্গ!

নাম দেখেই ভয় পাওয়ার মতো আরেকজন ফুটবলার আছেন। নাম ডেঞ্জার ফোরপেন্স! জিম্বাবুয়ের এই ফুটবলার যে দলে খেলতেন (সিএপিএস ইউনাইটেড), সেই দলে অবশ্য বিচিত্র সব নামের কমতি ছিল না—ক্লেভার মাজুভা, লিমিটেড চিকাফা, জাম্বিয়ান লাফটার চিলেম্বে, গিভমোর ম্যানুয়েলা, গিফট মাকোলোনিও!
লম্বা-চওড়া নাম আছে জিম্বাবুয়ের আরেক ফুটবলারের। পুরো নামটা সত্যিই অদ্ভুত—হ্যাভ-আ-লুক ডিউব! জিম্বাবুয়ে প্রিমিয়ার লিগের দল এনজুবে সানডাউন্সের তারকাও ছিলেন তিনি।
৩৪ বছর বয়সেও ব্রাজিলের অখ্যাত সব দলে খেলে যাওয়া এক স্ট্রাইকারের নাম ক্রিডেন্স ক্লিয়ারওয়াটার কৌটো! ঘোলা পানির বদলে ‘ক্লিয়ারওয়াটার’ স্বচ্ছ পানিতে মাছ শিকার করে সেই মাছ কৌটোতে রাখতেন—এমনটা ভাবা কিন্তু বোকামি হবে। আসলে তাঁর বাবা-মা ছিলেন মার্কিন রকব্যান্ড ক্রিডেন্স ক্লিয়ারওয়াটার রিভাইভালের খুব ভক্ত। এ কারণেই সন্তানের এমন নাম। অবশ্য বাকি সব ব্রাজিলিয়ানের মতোই লম্বা নামের আড়ালে একটা ছোট্ট ডাকনামও আছে তাঁর—পলিস্তা।

নিজের দেড় বিঘত সাইজের নামটা যে সবার দৃষ্টি কাড়ে, সেটা বেশ বুঝতে পারেন পলিস্তা। এ কারণে একবার নিজের নাম সম্পর্কে বলেছিলেন, ‘সবাই ভাবে এটা (ক্রিডেন্স ক্লিয়ারওয়াটার) হয়তো একটা ডাকনাম। আসলে তা কিন্তু নয়। এটা আমার আসল নাম, আমার জন্ম নিবন্ধনের সার্টিফিকেটেও এই নাম আছে।’

নিরীহ ভালো মানুষ। অথচ নাম ডেঞ্জার ফোরপেন্স!
নিরীহ ভালো মানুষ। অথচ নাম ডেঞ্জার ফোরপেন্স!

বর্তমান ব্রাজিল জাতীয় দলের এক তারকার নামটিও একটু অদ্ভুত। পুরো নাম জিভানিলদো ভিয়েরা ডি সুজা। এই নামে অবশ্য তাঁর ভক্তরা তাঁকে চেনেন না। চেনেন হাল্ক নামে। মার্ভেল কমিকসের বিখ্যাত সেই চরিত্রের সঙ্গে তাঁর চেহারার মিলও আছে। তবে এই মিলের কারণে নয়, তাঁর বাবা সন্তানের নাম হাল্ক রেখেছিলেন, কারণ বাবা ছিলেন টিভি সিরিজ দ্য ইনক্রিডিবল হাল্কের বড় ভক্ত।
১৯৯৭-১৯৯৮ মৌসুমে জার্মান ক্লাব হ্যানোভারের হয়ে খেলা এক স্ট্রাইকারের নাম ছিল ক্রাইস্ট বঙ্গ। না, বঙ্গ বা বাংলার সঙ্গে কোনো সম্পর্কই তাঁর ছিল না। বঙ্গর বদলে তাঁর সম্পর্ক ছিল কঙ্গোর সঙ্গে। কঙ্গো জাতীয় দলের হয়েও গোটা চারেক ম্যাচ খেলেছেন। মা-বাবা যিশু খ্রিষ্টকে ভালোবেসেই হয়তো তাঁদের সন্তানের নাম রেখেছিলেন ক্রাইস্ট।

‘শান্ত’ নাম দিলেই যে ছেলেটা বড় হয়ে শান্তশিষ্ট হবে—এমন কোনো মানে নেই। এ কারণেই জানা যাচ্ছে না, মার্শেইয়ের এই ডিফেন্ডার আসলে কতটা মজার লোক। কারণ তাঁর পুরো নাম যে রড ফানি!

নামের সুনাম রাখতে পারেননি ডেভিড গুডউইলি। নৈশক্লাবে গিয়ে মাঝেমধ্যেই মারপিট করেন!
নামের সুনাম রাখতে পারেননি ডেভিড গুডউইলি। নৈশক্লাবে গিয়ে মাঝেমধ্যেই মারপিট করেন!

নামের মর্যাদা যেমন রাখতে পারেননি ড্যানি ইনভিনসিবল। ইতালিয়ান-অস্ট্রেলিয়ান এই স্ট্রাইকার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ২০ দলেও খেলেছেন একসময়। কিন্তু ইনভিনসিবলের ঠিক ‘অজেয়’ হয়ে ওঠা হয়নি। বর্তমানে থাইল্যান্ডের আর্মি ইউনাইটেডে খেলা এই ৩৪ বছর বয়সী যে গোলের দেখা পান কালেভদ্রে!
নামের গুডউইল বা সুনাম একদমই ধরে রাখতে পারেননি ডেভিড গুডউইলি। ব্ল্যাকবার্ন রোভার্স থেকে বর্তমানে ধারে ডান্ডি ইউনাইটেডের হয়ে খেলা এই স্কটিশ স্ট্রাইকার নৈশক্লাবে গিয়ে বেশ কবার মারপিট করেছেন। থানা-হাজতেও ঢুঁ মারার অভিজ্ঞতা তাই তাঁর আছে। ডান্ডি কোচ পিটার হিউস্টন একবার তো তাঁকে গৃহবন্দীও করে রেখেছিলেন চটে গিয়ে!
সাধে কি আর শেকসপিয়ার বলেছেন, ‘হোয়াটস ইন এ নেম!’