অন্ধকারে আলো দেখছেন দেল বস্ক
স্পেন তো বটেই, বিশ্বজুড়ে নিরপেক্ষ ফুটবল সমর্থকদের মধ্যে একটা হায় হায় রব উঠেছে। সুন্দর ফুটবলের পূজারি স্পেন যে প্রথম ম্যাচেই বাস্তবতার কশাঘাতে জর্জরিত! ভিসেন্তে দেল বস্কের চেহারায় একটা মেজর জেনারেলসুলভ ভাব আছে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনের শিকার হওয়ার পরও কোচ নির্বিকার, ‘সব ঠিকঠাকই আছে। যখন কোনো দল হারে, তার পরবর্তী কাজটাই হয় পরের ম্যাচটা কীভাবে জেতা যায় সেই চেষ্টা করা। সোমবার হন্ডুরাসের বিপক্ষে আমাদের সেই কাজটাই করতে হবে।’দলের ওপর তাঁর পূর্ণ আস্থা আছে, দলের খেলার ধরনেও। দেল বস্ক তাই বলছেন, ‘আগের ম্যাচে আমরা শুধু ঠিকমতো ফিনিশিংটা করতে পারিনি। তবে অসুবিধা নেই। প্রথম ম্যাচ জিতলেও তিন পয়েন্ট, দ্বিতীয় কিংবা তৃতীয় ম্যাচটা জিতলেও তা-ই। আমাদের স্টাইলে কোনো পরিবর্তন আনার কারণ দেখি না।’পূর্বসূরি কোচ লুই আরাগোনেস ‘এই দলটার খুনে মানসিকতা নেই’ বলে সমালোচনা করেছিলেন। সেটি নিজ দায়িত্বে বস্কের কানে তুলেছেন সাংবাদিকেরা। তবে বস্ক তো আর ম্যারাডোনা নন। তাঁর এ তরফে রসালো কোনো মন্তব্য না আসায় হতাশই হতে হয়েছে সাংবাদিকদের। ‘আমি আর কী বলব, সবাই যে যাঁর মতামত দিয়ে যাচ্ছেন। আমি শুধু সবার মতগুলোকে শ্রদ্ধা জানাতে পারি। তবে আমি চাই না দুটো স্পেন গড়ে উঠুক। একটা লুইয়ের স্পেন, আরেকটা আমার।’বস্ক না চাইলেও স্বাভাবিকভাবেই তুলনাটা চলে আসবে। আরাগোনেস দলকে ইউরোপ চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। সেখান থেকে কতটা এগিয়েছে বস্কের স্পেন, সেই মাপজোক তো সমালোচকেরা করবেনই।পরের ম্যাচে চিলির বদলে হন্ডুরাসকে পাওয়ায় স্পেনের জন্য এক দিক দিয়ে সুবিধাই হলো। হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে এই ম্যাচে বড় জয়ই হতে পারে স্পেনের সবচেয়ে ভালো দাওয়াই। তা ছাড়া গত ৪৯টি ম্যাচের মধ্যে মাত্র দুটো ম্যাচ হারা এই দলটি শুরুতেই একটা সতর্কবার্তাও পেল বলে মনে করছেন কোচ। সুইজারল্যান্ডের কাছে ০-১ গোলে হেরে যাওয়ার কিছু সুবিধাও তাহলে আছে!অপয়া সেই ম্যাচের পর থেকে বেশ কিছু সুখবর পেতে শুরু করেছে স্পেন। মাত্র চোট সেরে ওই ম্যাচে মাঠে নামা আন্দ্রেস ইনিয়েস্তা আবারও হালকা চোট পেয়েছিলেন। পাঁজরে আঘাত পেয়েছিলেন সার্জিও রামোসও। দুজনই এখন পুরো ফিট। আগের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন ক্লাব মৌসুমের শেষটা খেলতে না-পারা ফার্নান্দো তোরেস।সুখবর তো বটেই। বিশেষ করে স্পেন যখন শেষ দুটো ম্যাচ জিততেই হবে—এই কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে। অবশ্য এখন তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া অনেকটাই অনিশ্চিত। সে ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা হলো এই, এবার ‘ব্রাজিল-স্পেন’ ফাইনাল পূর্বানুমান করেছিলেন যে বোদ্ধারা, সেই ‘ফাইনাল’ হয়ে যাবে দ্বিতীয় রাউন্ডেই। ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় আর স্পেন যদি হয় গ্রুপের রানার্সআপ। ব্রাজিল এখনই স্পেনকে দ্বিতীয় রাউন্ডের বাধা হিসেবে ধরে নিয়ে ছক কষতে শুরু করে দিয়েছে। স্পেনের মুখোমুখি এত তাড়াতাড়ি হতে হবে বলে ব্রাজিল নাকি এবার শঙ্কিতও! রয়টার্স, ওয়েবসাইট।