অন্ধকারে আলো নাজিমউদ্দিনের ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না পাওয়ার বেদনার মধ্যেও পাওয়ার আনন্দ খুঁজতে হয় কখনো কখনো। চট্টগ্রাম টেস্টে সে রকমই কিছু প্রাপ্তি নাজিমউদ্দিনের ব্যাটিং, অনেক সময় বোলারদের ভালো বোলিংও। তবে ইনিংস ও ১৮৪ রানে হারা টেস্টে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি থাকে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিমের দেওয়া প্রাপ্তির তালিকা তাই খুব সংক্ষিপ্ত— নাজিম ভাই (নাজিমউদ্দিন) অনেক ভালো খেলেছেন। টেস্ট ক্রিকেটে এসেই এমন বোলিংয়ের বিপক্ষে সত্যি দারুণ খেলেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে অনেক দিন ধরে ভালো খেলায় তাঁর কাছে প্রত্যাশা ছিল। সেটি তিনি পূরণ করেছেন। টপ-অর্ডারে সমস্যা হচ্ছিল বলে নাজিম ভাইয়ের ভালো খেলাটা একটা ইতিবাচক দিক। এ ছাড়া আমরা বোলিং মোটামুটি ভালোই করেছি।আর অপ্রাপ্তি, কিংবা আক্ষেপ? সবচেয়ে বড় আক্ষেপ বোধ হয় ব্যাটিং-স্বর্গেও ইনিংস এবং ১৮৪ রানের হার। মুশফিক সঙ্গে যোগ করেছেন, ‘গুরুত্বপূর্ণ সময়ে আমরা বেশ কিছু ক্যাচ ছেড়েছি। পাকিস্তানের ব্যাটসম্যানরা সেই সুযোগে অনেক রান করেছে। ওরাও ক্যাচ ছেড়েছে, তবে আমরা সুযোগগুলো নিতে পারিনি।’ মুশফিক আরও বলতে পারতেন, প্রথম ইনিংসের ব্যাটিংটা হয়েছে জঘন্য। দ্বিতীয় ইনিংসেও ব্যাটসম্যানরা পারেননি সময়ের দাবি মেটানো ধৈর্য ধরতে। কিন্তু ব্যর্থতার অজুহাত শুনতে কত আর ভালো লাগে! প্রথম ইনিংসে ২৫০ রান করলে টেস্ট পঞ্চম দিনে যেতে পারত, পাকিস্তানের ব্যাটসম্যানরা ভুলের পথে পা বাড়ালে ফলাফল হতে পারত অন্য রকম—সবই ঠিক আছে। তবে বিশাল পরাজয়ের পর এই কথাগুলোর সবই কেমন নীরস লাগে।ব্যর্থতার জন্য মুশফিক প্রথম ইনিংসের ব্যাটিংটাকেই দায়ী করেছেন বেশি। আবার দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ১৭ ডিসেম্বর থেকে শুরু ঢাকা টেস্টের জন্য কিছুটা হলেও অনুপ্রেরণা জোগাচ্ছে তাঁকে, ‘প্রথম দিনের প্রথম সেশনে ৫ উইকেট হারানোর পর ফেরা কঠিন। তবে দ্বিতীয় ইনিংসে আমরা দেখিয়েছি, পাকিস্তানের বিপক্ষেও বড় স্কোর করা যায়। নাসির, সাকিব, নাজিম ভাইয়ের ব্যাটিং আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’আগের দিন সব ব্যাটসম্যানই বলেছিলেন, চতুর্থ দিনে তাদের লক্ষ্য থাকবে উইকেটে পড়ে থাকা। অথচ সেই চেষ্টা কমই দেখা গেছে ব্যাটসম্যানদের মধ্যে। মুশফিকের ব্যাখ্যা, মাঠের পরিস্থিতিই একটু মেরে খেলতে উৎসাহ জুগিয়েছে, ‘ওরা বোলিং-ফিল্ডিংয়ে ছিল খুবই আক্রমণাত্মক। এত বড় লিড নিলে আমরাও তাই করতাম। কাছে অনেক ফিল্ডার থাকায় মারার সুযোগ ছিল বেশি। আবার কাছাকাছি সাত-আটজন ফিল্ডার থাকলে রক্ষণাত্মক ব্যাটিং করেও আপনি সারা দিন খেলতে পারবেন না। তবে আমার মনে হয় না আমাদের ব্যাটসম্যানরা অতিরিক্ত উচ্চাভিলাষী শট খেলেছে।’ পরে অবশ্য আরেক প্রশ্নে ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন নিয়ে মৃদু অসন্তুষ্টিই ঝরে পড়েছে অধিনায়কের কণ্ঠে, ‘টেস্টে যে ২০ উইকেট পড়ে, তার সবই বোলারের কৃতিত্বে হয় না। এ রকম বড় দলগুলোর ক্ষেত্রে যেমন হয়, আমাদেরও হয়। তবে বেশির ভাগ সময়ে ভালো বলেই ব্যাটসম্যান আউট হচ্ছে। আমাদের ক্ষেত্রেই এর ব্যতিক্রম দেখা যায়। আমরা ব্যাটসম্যানরা যদি একটু বাড়তি দায়িত্ব নিয়ে খেলি, তাহলে সেটি হবে না।’এর মধ্যেও নাজিমউদ্দিন আর সাকিবের ব্যাটিং কিছুটা আশার আলো দেখিয়েছে বাংলাদেশকে। মুশফিকের মুখেও প্রশংসা দুজনের। সাকিব যে শুরু থেকেই একটু বেশি মারমুখী থাকলেন, অধিনায়ক তাতেও তার পাশে, ‘এক শতে এক শ দুজনকেই দেব। সাকিব যে সুইপ শটগুলো খেলেছে, বেশির ভাগ ক্ষেত্রেই বাউন্ডারিতে ফিল্ডার ছিল না। আর এটি ওর শক্তির জায়গা। স্বাভাবিক খেলা খেলে কখনো কখনো হয়তো সাফল্য কিছু কম পাওয়া যায়। তার মানে এই না যে, স্বাভাবিক খেলা বদলে দেব। তাহলে দেখা যাবে, সে হয়তো প্রতিদিনই ১০ রান করে আউট হয়ে যাচ্ছে।’৮১টি প্রথম শ্রেণীর ম্যাচের অভিজ্ঞতা নিয়ে অভিষেক টেস্ট খেলতে নেমেছিলেন নাজিমউদ্দিন। এই অভিজ্ঞতার প্রমাণ দিলেন টেস্টেও। মুশফিকই জানালেন, নাজিমউদ্দিনের ব্যাটিংয়ের সময় এ নিয়ে আলোচনা হয়েছে ড্রেসিংরুমেও, ‘উনি টেস্ট ক্রিকেটে আমাদের জুনিয়র। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে এক আশরাফুল ভাই ছাড়া আমাদের সবারই সিনিয়র। ওনার ব্যাটিংয়ের সময় ড্রেসিংরুমে আমরা এ নিয়ে আলোচনা করেছি।’কী করলে ভালো ব্যাটিং হয় সেটা সবাই জানে, কিন্তু সেভাবে কেউ খেলেন না। নাজিমউদ্দিনকে নিয়ে আলোচনা কি দ্বিতীয় টেস্টে নতুন কিছু দেখাবে?