অন্ধকারে উডেনফ্লোর
পল্টনে পাশাপাশি দাঁড়ানো দুটি বিশাল ক্রীড়া স্থাপনার একটি মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম। প্রতিটি বিকেলে সেখানে ভিড় করে আগ্রহী দর্শক। লোহার গ্রিলের সামনে দাঁড়িয়ে তারা উপভোগ করে বক্সিং অনুশীলন। ঠিক ১০ হাত দূরেই আরেকটি স্থাপনা—উডেনফ্লোর জিমনেসিয়াম। সেটি এখন দাঁড়িয়ে আছে একটা ভুতুড়ে বাড়ির মতো। কোনো লোকজন নেই। কলাপসিবল গেটে সব সময় তালা লাগানো থাকে। এই উডেনফ্লোরেই নিয়মিত অনুশীলন করেন টেবিল টেনিস আর ব্যাডমিন্টন খেলোয়াড়েরা। অথচ গত ১৩ জুলাই থেকে এটির ধারেকাছেও কোনো খেলোয়াড়-কর্মকর্তা নেই। কেনই বা তাঁরা আসবেন? বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক টাকা ব্যয়ে পুনর্নির্মিত এই আধুনিক স্থাপনাটা এখন শ্বেতহস্তির অপর নাম!গত ২১ জুলাই থেকে প্রিমিয়ার ও প্রথম বিভাগ এবং মহিলা লিগ শুরু হওয়ার কথা ছিল উডেনফ্লোরে। কিন্তু আপাতত সব খেলা স্থগিত। টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল আলম জানালেন, ‘এক মাস ধরে এখানে খেলোয়াড়েরা কোনো অনুশীলন করতে পারছে না। নির্ধারিত মহানগরী টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপও পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। ওটা ঈদের পর ২৫ সেপ্টেম্বর শুরু হতে পারে।’ উডেনফ্লোর জিমনেসিয়াম বন্ধ থাকায় অনুশীলন করতে না পারায় হতাশ টিটি ও ব্যাডমিন্টন খেলোয়াড়েরা। টিটির জাতীয় চ্যাম্পিয়ন মোস্তফা বিল্লাহ কাল বললেন, ‘এই উডেনফ্লোর ছাড়া ঢাকায় ভালো কোনো প্র্যাকটিস ভেন্যু নেই। আমাদের এখন শুয়েবসেই দিন কাটছে।’ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রবের কণ্ঠেও হতাশা, ‘আমরা তো নিজের খরচে বিদ্যুৎ-সংযোগ নিয়ে অফিসের কাজগুলো চালাচ্ছি। খেলোয়াড়েরা কোনো অনুশীলন করতে পারছে না।’বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণ জানতে চাইলে জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক পরিচালক আবদুর রহমান জানান, ‘গত এসএ গেমসের সময় তড়িঘড়ি করে অস্থায়ী ভিত্তিতে এখানে বিদ্যুৎ-সংযোগ নেওয়া হয়েছিল। এর পর থেকে এখানে বিল বাকি পড়েছে ৪ লাখ ৬৯ হাজার টাকার মতো। মতিঝিল অঞ্চল থেকে নেওয়া ওই সংযোগে অনেক বেশি বিল দেখাচ্ছে ডেসা কর্তৃপক্ষ। আমরা কেন বেশি বিল দিতে যাব?’ এখন স্থায়ী সংযোগ নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করলেন তিনি। কিন্তু কবে বিদ্যুৎ-সংযোগ আসবে, কবে ঘুচবে ক্রীড়াঙ্গনের অন্ধকার—সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।