অন্ধজনে দাবার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় টাইফয়েড জ্বরে দুই চোখ নষ্ট হয়ে যায় আজগর আলীর। সিলেটের জৈন্তাপুরের তরুণ চোখের আলো হারিয়ে একেবারেই দিশেহারা হয়ে পড়েছিলেন। মনের ভেতরের কষ্ট চাপা দিয়ে রাখতে বিনোদন খুঁজতে চাইতেন। কিন্তু কোনো কিছুতেই আনন্দ পেতেন না। ব্রাহ্মণবাড়িয়ায় হাইস্কুলে পড়ার সময় পরিচয় ঘটে দৃষ্টিপ্রতিবন্ধীর দাবা বোর্ডের সঙ্গে। সেই থেকেই দাবার সঙ্গে সখ্য। দাবা খেলা এতটাই টানত যে গ্রামে গাছের ডাল কেটে বোর্ড আর ঘুঁটি বানিয়ে খেলতেন!ফেডারেশনে কাল থেকে শুরু হওয়া গ্রামীণফোন জাতীয় অন্ধ দাবায় আজগরের মতো শ-খানেক দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ু খেলছেন। কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এই প্রতিযোগিতার জন্য সানন্দে অপেক্ষায় থাকেন সবাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের ছাত্র রফিকুল বললেন, ‘আমরা এটার জন্য সারা বছর অপেক্ষায় থাকি।’ বন্ধু শরীফ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তাঁর কথা, ‘শুধু দাবা খেলা নয়, আমরা এই কদিন অনেক আনন্দ করি।’ সেই ১৯৯৯ সালে জাতীয় পর্যায়ে দৃষ্টিপ্রতিবন্ধীদের দাবা টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ ব্রেইল চেস সোসাইটি। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি নাজমুল হোসাইন বললেন, ‘এসব দাবাড়ুর নিজস্ব কোনো বোর্ড নেই। বাড়িতে তাই অনুশীলনও করতে পারে না। আমাদের সীমিত সামর্থ্যে এই আয়োজন প্রতিবছর করার চেষ্টা করি।’ কিন্তু আর্থিক অসংগতির কারণে গত বছর হয়নি প্রতিযোগিতা। এবার পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। ভেন্যু সুবিধা দিচ্ছে ফেডারেশন। ঘরোয়া টুর্নামেন্ট নিয়মিত করার পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার কথাও ভাবছেন নাজমুল, ‘জার্মানির ক্রিস্টোফেল ব্লাইন্ড মিশন অন্ধদের সব ধরনের খেলাধুলার ব্যাপারে সাহায্য করে। ওদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’ যোগ করলেন, ‘অর্থের অভাবে গত আগস্টে মাদ্রাজে আন্তর্জাতিক ব্রেইল চেস টুর্নামেন্টে যেতে পারিনি। এনএসসি যদি আমাদের দিকে নজর দিত, আমরাও বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারতাম।’ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সাহায্য চায় জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধীদের দাবা সংগঠন। তবে কাল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য জনসচেতনতা তৈরির কাজ করবে সরকার।