অন্ধজনে ‘দাবা’র আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় খেলতে গিয়ে তাঁর ডান চোখে লাঠির আঘাত লাগে। অস্ত্রোপচারের পরও চোখের আলো ফিরে পাননি মনির রানা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞানের ছাত্রের বিনোদনের একমাত্র উপকরণ দাবা। জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের দাবায় কাল চ্যাম্পিয়ন হয়েছেন শরীয়তপুরের তরুণ।প্রচলিত বোর্ডের চেয়ে একটু আলাদা অন্ধদের দাবার বোর্ড। চৌষট্টি ঘর সমান নয়। সাদা ঘরগুলো নিচু, কালো ঘর উঁচু। আর ঘুঁটিগুলোও ব্যতিক্রমী। সাদা ঘুঁটির ওপর একটু ফোঁটা থাকে, কালোটা থাকে একেবারে সমান। হাতের অনুমানে ঘুঁটি ধরে খেলা চালিয়ে যান। খেলতে সমস্যা হয় না? প্রশ্ন করতেই মনিরের শুকনো হাসি, ‘অভ্যাস হয়ে গেছে।’ হলের অন্ধ বন্ধুদের সঙ্গে নিয়মিতই খেলেন। পড়াশোনার পাশাপাশি মানসিক প্রশান্তি খুঁজতে দাবাকেই বেছে নিয়েছেন মনির। মিরপুরের সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী স্কুলে ছাত্রাবস্থায় এক বড় ভাই বলেছিলেন, ‘মন খারাপ করে বসে থাকিস। আয় তোকে দাবা খেলা শিখিয়ে দিই।’ এরপর সময় পেলেই দাবার বোর্ড নিয়ে বসে যান মনির। দৃষ্টিপ্রতিবন্ধীদের দাবা খেলাটা নিয়মিত হোক এবং এর পৃষ্ঠপোষণায় এগিয়ে আসুক দেশের বড় বড় প্রতিষ্ঠান—এমনটাই প্রত্যাশা মনিরের। অন্ধদের ক্রিকেটেও সমান পারদর্শী মনির। যেতে চান ভারতে অনুষ্ঠেয় অন্ধদের বিশ্বকাপে। এমনিতেই দাবা ফেডারেশনের উদ্যোগে এমন প্রতিযোগিতা নিয়মিত হয় না। তবে এবার উদ্যোগটা নিয়েছে বাংলাদেশ ব্রেইল চেস সোসাইটি (বিবিসিএস)। অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে দুই দিনের এই দাবা খেলায় অংশ নেন ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী।