অন্য আলোয় টেন্ডুলকার

আর মাত্র এক মাস পরেই ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে যাবেন শচীন টেন্ডুলকার। বিশ্ব ক্রিকেটের জীবন্ত এই কিংবদন্তির কীর্তি নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। একজন ক্রিকেটার তাঁর ক্যারিয়ারে সম্ভব-অসম্ভব যত কীর্তি গড়তে পারেন, তার প্রায় সবটুকুই নিজের করে নিয়েছেন ক্রিকেটের চিরকালীন এই ‘ওয়ান্ডার বয়’। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির ‘সেঞ্চুরি’ করেছেন। ব্যক্তিগত খাতায় লিখেছেন ৫০ হাজার রানের হিসাব। ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০টি টেস্ট খেলার রেকর্ডও তাঁরই হতে যাচ্ছে। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন, দেশকে তুলেছেন আইসিসির টেস্ট-তালিকার শীর্ষে। জীবনের অমোঘ নিয়মে আজ ক্রিকেট জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে টেন্ডুলকার নিজেই যেন পূর্ণাঙ্গ এক ইতিহাসের বই। যাঁর বিদায়ও বিশেষ কিছু, সেই টেন্ডুলকারের জীবনের কিছু অজানা আর মজার কাহিনি নিয়ে সাজানো আমাদের এই প্রতিবেদন।
শচীন দেব বর্মণের ভক্ত
গান শুনতে প্রচণ্ড ভালোবাসেন শচীন টেন্ডুলকার। ছোটবেলা থেকেই তাঁর প্রিয় সংগীতব্যক্তিত্ব শচীন দেব বর্মণ। ব্যাপারটা তিনি পেয়েছেন তাঁর বাবার কাছ থেকেই। বাবা রমেশ টেন্ডুলকারেরও খুব প্রিয় ছিলেন শচীনকর্তা। তাই তাঁর ছোট ছেলের নাম রেখেছিলেন শচীন টেন্ডুলকার।

একগুঁয়ে টেন্ডুলকার
ছোটবেলায় নাকি খুব একগুঁয়ে ছিলেন টেন্ডুলকার। স্কুলে একগুঁয়ে বলে তাঁর বিশেষ বদনাম ছিল। বন্ধুদের সঙ্গে পাড়ার রাস্তায় ক্রিকেট খেলার সময়ও তাঁর এই একগুঁয়ে স্বভাব বেরিয়ে আসত। কোনোমতেই নিজের ব্যর্থতা মেনে নিতে চাইতেন না তিনি।
ক্রিকেটার হওয়ার পেছনে‘দেব আনন্দ’
বলিউডের কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের একটি ছবি দেখতে গিয়েই তাঁর ক্রিকেটে হাতেখড়ি। খুব ছোটবেলায় পাড়ার এক দোকানের সামনের গাছে উঠে দেব আনন্দের ‘গাইড’ ছবিটি দেখছিলেন টেন্ডুলকার। হঠাত্ ডাল ভেঙে পড়ে বেশ ব্যথা পান তিনি। এর শাস্তি হিসেবেই বড় ভাই অজিত টেন্ডুলকার তাঁকে ক্রিকেট কোচিং স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তার পরের সবটুকুই ইতিহাস।
পেসার হওয়ার স্বপ্ন
ক্রিকেটার হওয়ার শিক্ষা নেওয়ার শুরুতে পেস বোলার হতে চেয়েছিলেন। ১৯৮৭ সালে তিনি ডেনিস লিলির এমআরএফ পেস ফাউন্ডেশনে ভর্তি হতেও গিয়েছিলেন। কিন্তু উচ্চতা কম হওয়ায় লিলি তাঁকে ভর্তি করেননি। ভাগ্যিস বোলার লিলিকে কখনোই টেন্ডুলকারের সামনে পড়তে হয়নি!

ক্রিকেট কিটের সঙ্গে ভালোবাসা
শুরুটা ঘটনাচক্রে হলেও ক্রিকেট কোচিং স্কুলে ভর্তি হওয়ার পর ক্রিকেটই হয়ে ওঠে তাঁর ধ্যান-জ্ঞান। ব্যাপারটা এমন পাগলামির পর্যায়ে চলে যায় যে রাতে কোলবালিশের বদলে তাঁর সঙ্গী হতো গিয়ার ব্যাগ।
রমাকান্ত আচরেকরের পুরস্কার
একবার পুরো বছরই প্রায় ‘নট আউট’ ছিলেন টেন্ডুলকার। কোচ আচরেকার তাঁকে খুশি হয়ে ১৩টি বিদেশি কয়েন উপহার দিয়েছিলেন।
খেতে চেয়েছিলেন ব্যাঙ ভাজা
খুব ছোটবেলায় একবার কী মনে করে বাড়িতে বয়ে নিয়ে এসেছিলেন একটি কোলা ব্যাঙ। রান্নাঘরে গিয়ে মাকে বলেছিলেন, ‘আচ্ছা মা, মাছ ভাজার মতো করেই কী ব্যাঙ ভাজতে হয়!’
ঘরোয়া ক্রিকেটে অভিষেক
বয়স তখনো ১৬ হয়নি, ভারতের ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্র আর বোম্বের (বর্তমানে মুম্বাই) হয়ে রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি আর দুলীপ ট্রফিতে খেলার সুযোগ পেয়ে গিয়েছিলেন টেন্ডুলকার।
ঘরোয়া ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি
রঞ্জি, ইরানি আর দুলীপ ট্রফি—ঘরোয়া এই তিন প্রতিযোগিতাতেই অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার।
জাতীয় দলে পথচলা শুরু
১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পান টেন্ডুলকার।
অভিষেক টেস্টে সুনীল গাভাস্কারের উপহার
পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট ম্যাচের আগে সুনীল গাভাস্কার টেন্ডুলকারকে এক জোড়া নতুন প্যাড উপহার দিয়েছিলেন। অভিষেক টেস্টে ওই প্যাডজোড়া পায়ে লাগিয়েই ব্যাট করতে নেমেছিলেন টেন্ডুলকার।
প্রথম গাড়ি
ক্রিকেট থেকে রোজগারের টাকায় টেন্ডুলকার তাঁর ‘স্বপ্নের’ গাড়িটি কিনেছিলেন। ওটা ছিল ৮০০ সিসির একটি মারুতি।
প্রিয় শখ
সারা জীবনই নানা ধরনের ঘড়ি আর পারফিউম সংগ্রহ করে গেছেন। ক্রিকেটার হিসেবে নামডাক হওয়ার পর সংগ্রহ করেছেন নানা মডেলের গাড়ি। তবে গাড়ির ব্যাপারে তাঁর সবচেয়ে বড় শখ ছিল, ফেরারি স্পোর্টস কারকে ঘিরে। তাঁর শখের ব্যাপারটি জেনে টেন্ডুলকারকে একটি ফেরারি স্পোর্টস কার উপহার দিয়েছিলেন ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শুমাখার। কোটি টাকারও বেশি কর দিয়ে সেই গাড়িটি ভারতে আমদানি করেছিলেন ফেরারি-পাগল টেন্ডুলকার। ফেরারি গাড়িটি তাঁর এতই প্রিয়, স্ত্রী অঞ্জলি ভালো চালালেও তাঁকে কখনোই ওটা চালানোর অনুমতি দেননি। মুম্বাইয়ের রাস্তায় ফেরারি গাড়িটি তিনি তিন-চার দিনের বেশি নামাননি। গাড়িটির পরিচর্যাও নাকি বাড়িতে বসে নিজেই করে থাকেন ‘লিটল মাস্টার’।
প্রথম টিভি বিজ্ঞাপন
১৯৮৯ সালেই একটি টেলিভিশন বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন টেন্ডুলকার। ওটা ছিল একটি স্টিকিং প্লাস্টারের বিজ্ঞাপন। বড় ধরনের চুক্তি তিনি করেন ১৯৯০ সালে। হেলথ ড্রিংক বুস্টের বিজ্ঞাপনে তিনি সঙ্গী হয়েছিলেন কপিল দেবের। ‘বুস্ট ইজ দ্য সিক্রেট অব মাই এনার্জি’—কপিলের মুখ থেকে এই কথা কেড়ে নিয়ে বলেছিলেন, ‘আওয়ার এনার্জি।’

ফিরিয়ে দিয়েছিলেন ১০০ কোটি রুপির প্রস্তাব
জীবনে কোনোদিন ধূমপান করেননি টেন্ডুলকার। বিয়ার বা হুইস্কির দিকেও চেয়েও দেখেননি তিনি। অথচ উদ্দাম জীবন খুব কাছ থেকে দেখেছেন তিনি। সংযমের এ ব্যাপারটি তাঁর মধ্যে গড়ে উঠেছিল পারিবারিক পরিমণ্ডল থেকেই। মুম্বাইয়ের এক মধ্যবিত্ত-উচ্চশিক্ষিত পরিবারেই তাঁর বেড়ে ওঠা। পারিবারিক মূল্যবোধের চর্চা বাড়িতেই দেখে এসেছেন সারা জীবন। ক্রিকেটার হিসেবে বিখ্যাত হয়ে যাওয়ার পর বাবা রমেশ টেন্ডুলকার একদিন ছেলেকে ডেকে বলেছিলেন, ‘আর যা-ই করো, সিগারেট অথবা হুইস্কি-বিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে না।’ ২০১১ সালে বিশ্বকাপের আগ দিয়ে একটি হুইস্কি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব পেয়েছিলেন টেন্ডুলকার। চুক্তির অংকটা ছিল ১০০ কোটি রুপি। কিন্তু তিনি বিনয়ের সঙ্গেই সেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন।
টেলিভিশন রিপ্লের আম্পায়ারের প্রথম শিকার টেন্ডুলকার
১৯৯২ সালে টেলিভিশন রিপ্লে প্রযুক্তি ক্রিকেটে সংযুক্ত হওয়ার পর এর প্রথম শিকার হন টেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে ঘটে এ ঘটনাটি।
ছদ্মবেশে সিনেমা দেখতে যাওয়া এবং ধরা পড়া
১৯৯৫ সালে ‘রোজা’ ছবিটি সারা ভারতেই প্রচণ্ড আলোড়ন তুলেছিল। রক্ত-মাংসের টেন্ডুলকারকেও ছুঁয়ে যায় সেই আলোড়ন। মুম্বাইয়ের এক অভিজাত প্রেক্ষাগৃহে তিনি ছবিটি দেখতে গিয়েছিলেন নকল দাড়ি-গোঁফ লাগিয়ে। কিন্তু কিছুক্ষণ পরেই আশপাশের লোকজন তাঁকে চিনে ফেললে দুর্দান্ত পরিকল্পনাটি মাঠে মারা যায়।
ভারী ব্যাট
ক্রিকেট ইতিহাসে তার চেয়ে ভারী ব্যাট ব্যবহার করেছেন একমাত্র ল্যান্স ক্লুজনার। এর আগে টেন্ডুলকারের ৩ দশমিক ২ পাউন্ডের ব্যাটটিই ছিল সবচেয়ে ভারী।
ক্রিকেটার হিসেবে প্রথম বড় চুক্তি
১৯৯৬ সালে তাঁর সঙ্গে একটি দীর্ঘমেয়াদি স্পন্সরশিপ চুক্তি করে ‘ওয়ার্ল্ডটেল’ নামের সম্প্রচার ও টেলিযোগাযোগ সংস্থা। সাড়ে ৩১ কোটি রুপির ওই চুক্তিটি ছিল আজ থেকে ১৭ বছর আগের প্রেক্ষাপটে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এক চুক্তি।
ক্রিকেটের পাশে অন্য খেলা
ক্রিকেটের পর টেন্ডুলকারের সবচেয়ে প্রিয় খেলা টেনিস। জন ম্যাকেনরো তাঁর প্রিয় তারকা। ম্যাকেনরোর সঙ্গে দেখা করে শিশুর মতো আচরণ করেছিলেন টেন্ডুলকার। হালে তাঁর প্রিয় খেলোয়াড় রজার ফেদেরার। অবসর পেলেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে যান কেবল টেনিস দেখতে। খেলা না থাকলে উইম্বলডন দেখতে সেন্টার কোর্টে তিনি উপস্থিত থাকেনই।
মজার টেন্ডুলকার
ভারতীয় দলের টিমমেটদের মধ্যে শচীন টেন্ডুলকারের সবচেয়ে কাছের মানুষ যুবরাজ সিং—এটা সবাই জানেন। তবে সৌরভ গাঙ্গুলির সঙ্গেও তাঁর আলাদা হূদ্যতা রয়েছে। টেন্ডুলকার সৌরভকে ‘বাবুমশাই’ ‘বাঙালিবাবু’ ইত্যাদি নামে ডাকেন। সৌরভ তাঁকে ডাকেন, ‘ছোটবাবু’ নামে। একবার সৌরভের সঙ্গে মজা করতে গিয়ে দাদার হোটেলকক্ষ নাকি হোস পাইপ দিয়ে ভিজিয়ে দিয়েছিলেন টেন্ডুলকার।