অন্য এক নেইমারের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

দরিদ্র পরিবারে জন্ম। বস্তির গলি আর ফুটপাতে খেলতে খেলতেই ফুটবলের সঙ্গে প্রেম। একসময় বিশ্ব তারকা হয়ে ওঠা। বেশির ভাগ ব্রাজিলিয়ান কিংবদন্তির জীবনের গল্পটা এমনই।
নেইমার কিংবদন্তি নন। তবে তাঁর মধ্যে সেই সম্ভাবনা দেখছেন প্রায় সবাই। দেখছেন বলেই এবার বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্ন সারথি তিনি। স্কলারির ভান্ডারে সবচেয়ে বড় মারণাস্ত্রও। আর জীবনের গল্পটাও অন্য কোনো ব্রাজিলিয়ান কিংবদন্তির চেয়ে কম রোমাঞ্চকর নয়।
সান্তোস শহরের যে জায়গায় এখন নেইমার জুনিয়ন ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছে, সেটির কাছেই রাস্তার পাশে বিশাল বিলবোর্ডে নেইমারের ছবি। একটা নয়, শহরজুড়ে অনেক জায়গায় অসংখ্য বিলবোর্ড, পোস্টার আর দেয়াললিখন জানান দিচ্ছে বার্সেলোনা তারকা উঠে গেছেন অনেক উচুঁতে। বিশ্বসেরাদের সারিতে চলে যাওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অনেকেরই। তারকা ভাবমূর্তি ধরে রাখতে কেউ কেউ ইচ্ছে করেই গুটিয়ে রাখেন নিজেকে। নেইমার সেই দলে পড়েন না।
এ কারণেই নিজের প্রিয় শহরে দরিদ্র ও প্রতিভাবান ফুটবলারদের সাহায্য করতে গড়ে তুলেছেন ‘নেইমার জুনিয়ন ফাউন্ডেশন’। তিন বছর আগে যাত্রা শুরু করা এই প্রকল্পের মাধ্যমে আপাতত শহরের কিশোরদের ফুটবল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আয়োজন করা হচ্ছে ফুটসাল প্রতিযোগিতা। এই ফুটসাল খেলেই একসময় শুরুটা হয়েছিল নেইমারের।
তবে ভবিষ্যতে এটিকে ফুটবলের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার স্বপ্ন তাঁর। বিশ্বকাপের আগেই আনুষ্ঠানিকভাবে নেইমার উদ্বোধন করবেন এ প্রকল্পের। ফাউন্ডেশনের দায়িত্বে থাকা নেইমারের চাচা হোসে বেনিসিও দা সিলভা শোনাচ্ছেন এমন মহৎ উদ্যোগের গল্পটা, ‘আমার ভ্রাতুষ্পুত্র যে শহরে বড় হয়ে উঠেছে সেখানকার মানুষের জন্য কিছু করতে চায়। ব্রাজিলের অন্যান্য শহরতলির মতো এখানেও অনেক অবহেলিত শিশু এবং তাদের শিক্ষার জন্য অবকাঠামোগত সংকট।’
এই ফাউন্ডেশনের হয়েই ফুটসাল টুর্নামেন্টে খেলছে ১৪ বছরের কিশোর অ্যান্ডারসন সিলভা। যে কিনা স্বপ্ন দেখে একদিন নেইমারের মতো হবে, ‘নেইমারের জীবনের গল্পটা দারুণ। খুবই দরিদ্র ছিল সে। অথচ আজ কোথায় পৌঁছে গেছে। আমি তাঁকেই অনুসরণ করতে চাই।’
নিজের শহরের মানুষের জন্য নেইমারের এই কিছু করার চেষ্টা শুধু ফুটবলকেন্দ্রিক নয়। কৈশোরের একটা সময় কেটেছিল সাও ভিসেন্তের শহরতলিতে। সেখানেই নেইমারের বাড়ির পাশে যে চার্চ ছিল, এখনো সেখানে নিয়মিত আর্থিক সহযোগিতা করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। চার্চের যাজক নিলটন লোবাতোর কণ্ঠেও তাই নেইমার-মুগ্ধতা, ‘ও মহানুভব একজন মানুষ।’ এই মুগ্ধতা শুধু লোবাতোর কণ্ঠে নয়, সাও ভিসেন্তেতে সাবেক এক প্রতিবেশীরও, ‘এখানেই রাস্তায় সে ফুটবল খেলত। এখন ও বিখ্যাত হয়ে গেছে, আমাদের সঙ্গে খুব একটা দেখা হয় না। কিন্তু নেইমার এখনো আগের মতোই সাধারণ এবং ভালো মানুষই আছে।’
এখানেই অন্য অনেকের চেয়ে আলাদা নেইমার। প্রতিভার সঙ্গে পরিশ্রম মিলিয়ে অনেকেই বড় ফুটবলার হয়ে যান। কিন্তু শিখরে ওঠে যাওয়ার পর ‘সাধারণ ও ভালো মানুষ’ থেকে যেতে পারেন শুধু নেইমারের মতো কেউ কেউ। এএফপি।