অন্য কথা বললেন জাভি
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বাইরে সর্বশেষ কোন দল লা লিগা জিতেছে?মনে করতে গলদঘর্ম হতে পারেন, কারণ বেশ পেছনেই ফিরে যেতে হবে আপনাকে। ২০০৩-০৪ মৌসুমে রাফায়েল বেনিতেজের ভ্যালেন্সিয়া এই ‘অসাধ্য’ সাধন করেছিল। অসাধ্যই বটে, রিয়াল-বার্সার বাইরে অন্য কোনো ক্লাবের লা লিগা জয়ের কথা ভাবাটাই যে এখন আকাশকুসুম স্বপ্নে পরিণত। বরং পরিস্থিতিটা এমন যে, এক ও দুইয়ে ওই দুই ক্লাবকে রেখে বাকি দলগুলো যেন প্রতিদ্বন্দ্বিতা করে তিন নম্বর হওয়ার জন্য। অ্যাটলেটিকোর কোচ ডিয়েগো সিমিওনে কদিন আগে তো এমনিতেই লা লিগাকে ‘বিরক্তিকর’ বলেননি!একজনকে অবশ্য পাওয়া গেল, যিনি সিমিওনের সঙ্গে একমত নন। তাঁর নাম জাভি হার্নান্দেজ। এই মৌসুমের লা লিগা ‘দুই ঘোড়ার দৌড়’ হবে বলে মনে করেন না বার্সেলোনা মিডফিল্ডার। গত রোববার মালাগার বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর জাভির উপলব্ধি, ‘আমার মনে হয় না, এবার লিগ দুই ঘোড়ার দৌড় হবে। অনেক দলই আছে, যারা লড়াই করবে। মালাগা দেখিয়ে দিয়েছে, কাউকে হারানোই সহজ নয়।’ ওয়েবসাইট।