অন্য কলাম
অসুস্থ বলে ফ্রেঞ্চ ওপেনে খেলছেন না। বসে থাকার এই বিরক্তিই কি হুয়ান মার্টিন দেল পোত্রোকে শেষ পর্যন্ত টেনিসবিদ্বেষী বানাল! তাঁর নাকি টেনিসের চেয়ে ফুটবলই বেশি পছন্দ! ফিফা ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আর্জেন্টাইন সাফাই হিসেবে শোনালেন একটা মজার গল্পও। ১২ বছর বয়স পর্যন্ত ফুটবল-টেনিস দুটোই খেলেছেন সমান তালে। বোকা জুনিয়র্সের সমর্থক দেল পোত্রোর ঘরোয়া ফুটবলে হয়তো অভিষেকও হয়ে যেত। কিন্তু ওই সময় ব্রাজিলে হওয়া একটা টেনিস টুর্নামেন্টে খেলার সুযোগ মিলল। বিদেশে যাওয়া আর বিমানে চড়তে পারবেন বলে ফুটবল ছেড়ে টেনিস বেছে নিলেন। ব্যস, বদলে গেল জীবনের গল্প। ওয়েবসাইট।
চিরতরুণ ব্ল্যাটার!
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ফিফা সভাপতির চেয়ারটা ছাড়বেন না সেপ ব্ল্যাটার। বয়স এখন ৭৭, এরই মধ্যে চতুর্থবারের মতো ফিফার সভাপতি হয়েছেন। খায়েশ আছে চলতি মেয়াদ শেষ হলে আরেক মেয়াদে দায়িত্ব পালন করবেন। এ জন্যই তিনি বলছেন বয়স কোনো বাধা হওয়া উচিত নয়। ফিফা কর্মকর্তাদের বয়সসীমা বেঁধে দেওয়ার কথা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। কিন্তু ব্ল্যাটার ব্যক্তিগতভাবে বয়সসীমা বেঁধে দেওয়ার বিরুদ্ধে, ‘ব্যক্তিগতভাবে আমি বয়সসীমার বিরুদ্ধে, যেহেতু আমি মনে করি এটি প্রাসঙ্গিক শর্ত হতে পারে না—যেমন: ৬০, ৭০ বা ৮০ বছরে প্রত্যেকে একই রকম থাকতে পারে না।’ রয়টার্স।
সভাপতিকে দুয়ো
নগর পুড়লে দেবালয়েরও রক্ষা পাওয়া কঠিন। আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে জামাতা গুরুনাথ মায়াপ্পন শ্রীঘরে। শ্বশুর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসনের বিরুদ্ধে এখনো কিছুই প্রমাণিত হয়নি, তবে কলঙ্কের একটা আঁচ তো তাঁর গায়ে লেগেছেই। বিসিসিআই সভাপতিকে অবশ্য তিক্ত এক অভিজ্ঞতার মুখোমুখিই হতে হয়েছে আইপিএল ফাইনালে। ম্যাচ শেষে যখন রবি শাস্ত্রী ঘোষণা করছিলেন শ্রীনিবাসনের নাম, তখন ইডেন গার্ডেনসের ৬৮ হাজার দর্শকের বেশির ভাগের মুখেই উঠল দুয়ো। পুরস্কার বিতরণী
মঞ্চে দাঁড়াতেই শ্রীনিবাসনের মুখে দেখা গেল রাজ্যের অন্ধকার। এমনটা হতে পারে, এটা তো তাঁর জানা থাকারই কথা! ওয়েবসাইট।