অন্য কলাম
শব্দবিভ্রাটটেলিভিশনে হাইলাইটসের শুরুটা দেখে মনে হচ্ছিল এফসি জুরিখ-গ্রাসহপারের ম্যাচটা হয়েছিল দর্শকঠাসা স্টেডিয়ামে। দর্শকের চিৎকারে যে কান পাতাই দায়। তবে যেই না টেলিভিশনের পর্দায় ভেসে উঠল গ্যালারির ছবি, অমনি চমকে উঠল সুইজারল্যান্ডের টিভি দর্শকেরা। এ কী, গ্যালারি যে খা খা করছে! তাহলে এই গগনবিদারী শব্দ এল কোথা থেকে। আর যাঁরা একটু ফুটবলের খোঁজখবর রাখতেন, তাঁরা তো জানতেন কঠোর নিরাপত্তার বাড়াবাড়িতে অতিষ্ঠ দুই দলের সমর্থকেরাই গত রোববার ১০ মিনিট পর মাঠে ঢুকেছেন। আসলে সম্পাদনার সময় সম্প্রচার সংস্থা এসআরএফই যোগ করে দর্শকের শব্দ। আর তাতেই বিপত্তি। সমালোচনার ঝড়ের মুখে অবশ্য এসআরএফ স্বীকার করেছে কাজটি ঠিক হয়নি। রয়টার্স।অটুট বন্ধনটেনিসের বাবাদের প্রসঙ্গ উঠলেই হয়তো কারও কারও চোখের সামনে ভেসে ওঠে বদমেজাজি কোনো লোকের প্রতিমূর্তি। পান থেকে চুনটি খসলেই যিনি চোখ রাঙান সন্তানকে, হাত তুলতেও দ্বিধান্বিত হন না। মেরি পিয়ার্স থেকে শুরু করে হালের মারিওন বারতোলি—টেনিসে বাবাদের গল্পটা প্রায় এ রকমই। ব্যতিক্রম ইউরি—মারিয়া শারাপোভার বাবা। কোর্টে, কোর্টের বাইরে বরাবরই মেয়ের সহায়ক শক্তি হিসেবে কাজ করা ইউরি ২০০৮ সাল থেকেই আর শারাপোভার অফিশিয়াল কোচ নন। তবে তাঁদের সম্পর্কটা আগের মতোই। কোনো কিছুই পরিবর্তন হয়নি। শারাপোভার ভাষায়, ‘প্রতিদিন না হলেও প্রতি দুই দিনে এক দিন কথা হয় আমাদের।’ কথা তো বলতেই হবে, কারণ খোদ শারাপোভাও যে মনে করেন, ‘আর সবার চেয়ে আমার খেলাটা তিনিই ভালো বোঝেন!’ ওয়েবসাইট।মানুষের জন্যক্যানসারের সঙ্গে যুদ্ধে নিজে জিতেছেন। যুবরাজ সিং এবার লড়াই শুরু করে দিলেন অন্যের জন্য। পরশুই ঝাড়খণ্ডে উদ্বোধন করলেন ‘ইউউইক্যান’ নামের বিনা মূল্যে ক্যানসার শনাক্তকরণ সেন্টার। পাশাপাশি মানুষকে অনুপ্রাণিত করলেন এই বলে, ক্যানসার হলেই মৃত্যু হবে, এমন ভাবার কোনো কারণ নেই। বরং যত দ্রুত শনাক্ত হবে, আরোগ্যের সম্ভাবনা ততই বাড়বে। আপাতত সেই শনাক্তকরণের কাজটাই করে যাবে যুবির প্রতিষ্ঠান। পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করবে যুবির ফাউন্ডেশন। জীবনবিনাশী এই ব্যাধি জয় করে আসা যুবরাজ বলেছেন, ক্যানসার নিয়ে আতঙ্কগ্রস্ত না হয়ে সচেতন হওয়াটা বেশি জরুরি। ওয়েবসাইট।