অন্য কলাম
কী দুঃসহ জীবন ছিল একসময় কিমিকো দাতে-ক্রুমের! সারাক্ষণ ভয় আর দুশ্চিন্তায় বেঁচে থাকার বোধটাই হারিয়ে ফেলেছিলেন। বিদেশযাত্রার পথে বিমানবন্দরে গিয়ে মনে হতো, পাসপোর্টের মেয়াদ নেই! বিমানে উঠলে মনে হতো, আর বুঝি জাপানে ফেরা হবে না! একটা ম্যাচ হারলে সে কী কান্না! সেই দাতেই ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে সামান্থা স্টোসুরের কাছে হেরেও বেশ খোশমেজাজে। তাঁর জীবনদর্শনটা বদলে দিয়েছেন স্বামী মাইকেল ক্রুম। বিয়ের পর স্ত্রীর এই ভয় ও চিন্তারোগের সন্ধান পেতেই তাঁকে এটা বুঝিয়ে আসছেন, ‘হেসে-খেলে বাঁচো, জীবন সহজ হয়ে যাবে।’ ফল চোখের সামনে। এএফপি।
তিনি হয়তো সরে দাঁড়িয়েছেন। কিন্তু প্রতিষ্ঠানটি তো তাঁরই। ল্যান্স আর্মস্ট্রংয়ের লিভস্ট্রং ফাউন্ডেশনের সঙ্গে সম্পর্কটা তাই চুকিয়ে ফেলল নাইকি। এতে বুঝিয়ে দেওয়া গেল, পাপীকে তো নয়ই, পাপীর ছায়াও মাড়াতে চাই না! আর্মস্ট্রংয়ের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তিটি নাইকি বাতিল করেছে আগেই। গত বছর ডোপ কেলেঙ্কারির দায়ে আজীবন নিষিদ্ধ হওয়ার পর তাঁর সব শিরোপা কেড়ে নেওয়ার পর পরই। তখন অবশ্য নাইকি বলেছিল, লিভস্ট্রং ফাউন্ডেশনের সঙ্গে তারা থাকবে। নিজের প্রতিষ্ঠানটিকে বিতর্কমুক্ত রাখতে গত বছরের অক্টোবরে আর্মস্ট্রং ছেড়ে দেন লিভস্ট্রংকে। কিন্তু তার পরও নাইকি পরিত্যাগ করল ক্যানসার সচেতনতামূলক প্রতিষ্ঠানটিকে। রয়টার্স।
ড্রোন, যুক্তরাষ্ট্রের সৌজন্যে বিশ্বব্যাপী আলোচিত শব্দ। যুক্তরাষ্ট্রের কাছে ড্রোন মানে নিজেদের জনবল না খুইয়ে শত্রুর যথাসম্ভব ক্ষতিসাধন। পাকিস্তানের মতো দেশে ড্রোন মানেই বিভীষিকা, অসংখ্য নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মারণাস্ত্র। এবার সেই ড্রোনেরই শরণাপন্ন ব্রাজিল। ফুটবলের দেশটি অবশ্য জীবন কাড়তে নয়, জীবন বাঁচাতেই ড্রোন কাজে লাগাবে। আগামী মাসের কনফেডারেশনস কাপে নিরাপত্তা তদারক করবে ইসরায়েলে নির্মিত দুটি মানববিহীন বিমান। দুই থেকে পাঁচ হাজার মিটার ওপর থেকে দর্শকদের গতিবিধি পর্যবেক্ষণ করতে শুধু ব্রাসিলিয়ার উদ্বোধনী ম্যাচ এবং রিও ডি জেনিরোর সমাপনী অনুষ্ঠানেই ব্যবহূত হবে ড্রোন। এএফপি।