অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদোর জাদুঘর
ক্রিস্টিয়ানো রোনালদো জাদুঘরে স্থান পেয়েছেন আগেই। মাদাম তুসোতে ঠাঁই হয়েছে পর্তুগিজ তারকার মোমের মূর্তির। এবার নিজেই জাদুঘর দিচ্ছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। সবকিছুই ঠিকঠাক, বাকি শুধু আনুষ্ঠানিক উদ্বোধন। নতুন এই জাদুঘরটা পুরোপুরিই রোনালদোময়। সাজানো হয়েছে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা স্মারক দিয়ে। জাদুঘরটা ঘুরে দেখতে হলে যেতে হবে রোনালদোর জন্মস্থান আটলান্টিক মহাসাগরের দ্বীপ ম্যাডেইরার রাজধানী ফুঞ্চালে। ফুটবল, ছবি ও ট্রফি দিয়ে সাজানো জাদুঘরের দ্বার উন্মোচন আগামী ১৫ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানের খুঁটিনাটি কাজগুলো সারতে পরশুই মা ও ছেলেকে নিয়ে ম্যাডেইরা ঘুরে গেছেন রোনালদো। এএফপি।

নবপরিণীতার সঙ্গে ওয়াহাব রিয়াজ
নবপরিণীতার সঙ্গে ওয়াহাব রিয়াজ

বিয়েতে বিপত্তি
বিয়ের অনুষ্ঠানে নানা পদের খাবার থাকবে, রাত জেগে ধুমধাম হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বিয়েতে জাঁকজমক করতে গিয়ে ফেঁসে গেছেন ওয়াহাব রিয়াজ। গত শনিবার ছিল পাকিস্তানি পেসারের বিয়ে। কিন্তু রাত ১১টা বাজতেই হামলা চালায় পুলিশ। পাঞ্জাবের নতুন আইনে রাত ১০টার পর বিয়ের অনুষ্ঠান এবং এক পদের বেশি খাবার পরিবেশন নিষিদ্ধ! রিয়াজকে সতর্কও করা হয়েছিল। তার পরও পাঁচ পদের খাবার পরিবেশন করা হয়। পুলিশ তাই আইনভঙ্গের অভিযোগ এনেছে। রিয়াজ অবশ্য পরশুই লাহোরের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। তবে ভিত্তিহীন অভিযোগে তাঁর বাবা সিকান্দার হামলাকারীদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়েরের হুমকি দিয়েছেন। অবশ্য অভিযোগ প্রমাণিত হলে জরিমানা রিয়াজকে দিতেই হবে। ওয়েবসাইট।