অন্য কলাম
মেসির বাবা ছেলে বিশ্ববরেণ্য ফুটবলার। এমন ছেলের বাবার মতেরও একটা গুরুত্ব আছে। তা ছাড়া ফুটবলের ‘জল পড়ে পাতা নড়ে’ অবস্থা থেকেই বাবা ছেলের ছায়াসঙ্গী। বাবা হোর্হে মেসির চেয়ে মেসিকে আর কে-ই বা ভালো চিনবেন! অনেকেই বলছেন পেপ গার্দিওলার বিদায়ে মেসির সমস্যা হবে। কিন্তু মেসি সিনিয়রের মতটা উল্টো, ‘লিও (মেসি) টিটো ভিলানোভাকে ভালোই বুঝবে, কেননা ফুটবলের ভাষাটা সর্বজনীন। আর টিটোও ছিল পেপের গৌরবের অংশীদার, এতে তাই ভালোই হয়েছে।’ এবার নেইমার সম্পর্কে মেসির বাবার কথাটা শুনুন, ‘লিও বলেছে ছেলেটা (নেইমার) ভালোই। লিও ওর সঙ্গে কথাও বলেছে, ওদের সম্পর্কটাও বেশ ভালো।’ কী বুঝলেন? ওয়েবসাইট।বাবার বকুনিবাবা প্রশ্রয় তো দেনইনি, বরং ভর্ৎসনা করেছেন সামির নাসরিকে। ইংল্যান্ডের বিপক্ষে গোল করার পর ঠোঁটে আঙুল চেপে কাকে যেন চুপ করতে বলেছিলেন ফরাসি ফরোয়ার্ড। পরে এ নিয়েই হয়েছে বিস্তর হইচই। নাসরির বাবাই বলছেন আরও পরিণত আচরণ আশা করেছিলেন ‘গুণধর’ পুত্রের কাছ থেকে, ‘ওকে আমি বলেছি উদ্যাপনটা ভালো কিছু হয়নি। এমন আচরণকে আর যা-ই হোক সমর্থন করা যায় না। পুরো দেশ ওর সঙ্গে ছিল, শিশুরাসহ অনেকে খেলাটা দেখছিল। এ রকমটা সে না করলেও পারত।’ বাবার বকুনি খেয়ে সামনের ম্যাচ থেকেই কি দেখা যাবে অন্য নাসরিকে, অন্তত গোল উদ্যাপনে? ওয়েবসাইট। নাদালের ঘড়িহাতে শিরোপা উঠেছে ঠিক আছে। আরেক দিক দিয়ে এটাও ঠিক, প্যারিস এবার খালি হাতে ফেরাল রাফায়েল নাদালকে! হাতঘড়িটা খুইয়েই যে ফ্রান্স ছাড়তে হলো টেনিস তারকাকে। সোমবার ফুরফুরে মেজাজেই বিছানায় গিয়েছিলেন। রেকর্ড সপ্তমবার ফ্রেঞ্চ ওপেন জিতে গাঢ় একটা ঘুমই দিয়েছিলেন। ছেলের সাফল্য উদ্যাপন করতে থাকা বাবা-মাও বোধহয় ক্লান্ত ছিলেন। এ সুযোগটাই নিয়েছে চোর বাবাজি। রাতেরই কোনো একসময় হোটেলকক্ষ থেকে চুরি যায় পৌনে চার লাখ ডলার মূল্যের হাতঘড়ি। ঘড়িটা আবার নাদালের নিজের নয়। বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান রিচার্ড মিল ওটা ধার দিয়েছিল নাদালকে। এএফপি।