অন্য কলাম
অতি উত্তেজনায়
অধিক উত্তেজনা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ঝেং জাইও সেটি জানতেন। তার পরও অতি উত্তেজনার আক্কেলসেলামি দিতে হলো চীনের এই টেবিল টেনিস খেলোয়াড়কে। গত রোববার টেবিল টেনিস বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছিলেন ঝেং। ম্যাচটা তিনি জিতেও যান। কিন্তু উত্তেজনার আতিশয্যে লাথি মেরে বসেন কোর্টের পাশের বোর্ডে। লাথিতে এতটাই জোর ছিল যে ভেঙেই যায় বোর্ডটি। এমন অখেলোয়াড়োচিত আচরণের জন্য ৩৫ হাজার পাউন্ড জরিমানা করেছে তাঁকে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন, যা তাঁর পুরো প্রাইজমানির সমান অর্থ। নিজের কুকীর্তির জন্য ঝেং পরে ক্ষমা চেয়েছেন। কিন্তু কর্তৃপক্ষের মন তাতে গলেনি, তারা বলে দিয়েছে, একটা পাই-পয়সাও পাবেন না ঝেং। মেট্রোডটকম।
এবার ডাকাতি
দক্ষিণ আফ্রিকা যেন ফুটবলারদের জন্য আতঙ্কের জনপদ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলের গোলরক্ষক সেনজো মেইবা খুন হয়েছেন এক সপ্তাহও হয়নি। গত শনিবার আরেকজন ফুটবলারের জীবনও শেষ হয়ে যেতে পারত। জাতীয় দলের মিডফিল্ডার সিবুসিসো ভিলাকাজি সোয়েতোতে নিজের বাসায় ঘুমোচ্ছিলেন। মাঝরাতে একদল ডাকাত আক্রমণ করে তাঁর বাড়িতে। হুট করে নয়, জেনেশুনেই এসেছিল ডাকাত দল। ভিলাকাজির নাম ধরে চিৎকারও করে। কিন্তু এই মিডফিল্ডার একদম ভেতরের দিকের একটা কক্ষে ঘুমোচ্ছিলেন। ডাকাতেরা অবশ্য তাঁকে না খুঁজে লুণ্ঠনেই বেশি মনোযোগ দেয়। ভিলাকাজির বাবা-মায়ের কাছ থেকে গাড়ির চাবি চেয়ে নিয়ে মুঠোফোন, নগদ অর্থ, পোশাক, টেলিভিশনসহ জিনিসপত্র লুট করে চলে যায় তাঁর গাড়িতেই। ভাগ্য ভালো ভিলাকাজি সামনে আসেননি। নইলে কে বলতে পারত তাঁকেও মেইবার ভাগ্য বরণ করতে হতো না! এএফপি।
জেমসের দেনা
দামি গাড়িতে চড়ছেন, ভালো বাড়িতে থাকছেন। ডেভিড জেমসের খারাপ থাকার কোনো কারণ নেই। কিন্তু সাবেক ইংল্যান্ড গোলরক্ষক আসলে ভালো নেই। কতটা খারাপ, সেটা বুঝে নিতে পারেন একটা ঘোষণা থেকে। জেমস ঘোষণা দিয়েছেন, নিজের ব্যক্তিগত প্রায় সব জার্সি নিলামে তুলবেন। শুধু এসবই নয়, সব ক্রীড়া সরঞ্জাম, ক্রীড়াবিষয়ক বই, সিডি, বাইক এমনকি একটা গাড়িও বিক্রি করে দিতে চাইছেন তিনি। কিন্তু আর্থিক অবস্থা কতটা খারাপ হলে মূল্যবান এসব স্মারক ত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারেন? ২০০৫ সালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই আকণ্ঠ দেনায় ডুবে আছেন জেমস। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে কেরালা এফসির কোচ ও খেলোয়াড় তিনি। বোঝাই যাচ্ছে, এখান থেকে যে অর্থ পাবেন, সেটিও তাঁর দেউলিয়াত্ব ঠেকাতে পারছে না। মেইল অনলাইন।