অন্য কলাম
তেভেজের ভূতলোকে অন্যদের দেখে ভালোটা যত শেখে, খারাপটা নাকি আরও বেশি শেখে। পরশু কার্লোস তেভেজের ভূত যেমন ভর করল প্যাট্রিক মিটিলিগার ওপর। মিলানে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইতালির বিপক্ষে ডেনমার্কের প্রথম একাদশে নাম না দেখার পর থেকেই ফুঁসছিলেন এই লেফটব্যাক। পরে কোচ মর্টেন ওলসেন যখন বদলি নামাতে চাইলেন, গা গরম না করে বসে রইলেন চুপচাপ। এর জন্য চরম মূল্যও দিতে হচ্ছে জাম্বিয়ান বংশোদ্ভূত ৩১ বছর বয়সী ফুটবলারকে। ম্যাচ শেষে ওলসেন সাফ জানিয়ে দিয়েছেন, ‘ডেনমার্কের হয়ে শেষ ম্যাচ ও খেলে ফেলেছে।’ এএফপি।হোন্ডা-বচনউপভোগের সংজ্ঞাটাই বুঝি পাল্টে দিচ্ছেন কেইসুকে হোন্ডা! ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক জয়ে উড়ছিল জাপানিরা, ব্রাজিল তাদের ধপাস করে মাটিতে ফেলে হারাল ৪-০ গোলে। কিন্তু জাপানের প্রাণভোমরা হোন্ডা ম্যাচ শেষে বলছেন কিনা, দারুণ উপভোগ করেছেন ম্যাচটি! সবার চোখ যখন কপালে ওঠার জোগাড়, তখন ব্যাখ্যাটাও দিলেন সিএসকেএ মস্কোর ফুটবলার। বড় পরাজয়ে ব্যথিত তিনিও, উপভোগের ব্যাখ্যা, ‘আমি মূলত রাশিয়ায় খেলি, বলতেই হবে অনেক দিন কোনো ম্যাচ নিজে এতটা উপভোগ করিনি। আর আমরা ওদের সহজে হারিয়ে দিলে তো মজাটাই আর থাকবে না!’ এএফপি।আমলাতান্ত্রিক...‘আমলাতান্ত্রিক’ জটিলতায় পড়ে যেতে পারে অস্ট্রেলিয়া। আর কদিন বাদেই তিন টেস্টের সিরিজ খেলতে গ্রায়েম স্মিথের দল উড়ে আসছে অস্ট্রেলিয়ায়। ওই সফরে অস্ট্রেলিয়ার প্রধান বাধা হবেন একজনই—হাশিম আমলা। উত্তরসূরিদের এই বলেই সতর্ক করলেন গ্লেন ম্যাকগ্রা। খেলোয়াড়ি জীবনে ম্যাকগ্রা বিখ্যাত ছিলেন বলেকয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে ‘টার্গেট’ বানানোর। প্রতি সফরের আগেই বলে দিতেন, অমুকের উইকেট চাই। হয়তো এ স্রেফ মনস্তাত্ত্বিক খেলা। কিন্তু বেশির ভাগ সময় জয়টা ম্যাকগ্রারই হতো। খেলা ছেড়েছেন। তবে পুরোনো অভ্যাস রয়ে গেছে। এ কারণেই বুঝি আমলাকেই ‘টার্গেট’ বানাতে চাইছেন। অবশ্য ব্যাট হাতে আমলারও যা ফর্ম, ম্যাকগ্রা কথাটা মন্দ বলেননি। ওয়েবসাইট।