অন্য কলাম
খরচ বাঁচাতে...অর্থনৈতিক মন্দা বেশ কিছুদিন ধরেই সিন্দাবাদের ভূতের মতো চেপে বসেছিল গ্রিসের ওপর। কিন্তু তা যে এতটা ভয়াবহ কে অনুমান করতে পেরেছিল? দেশটির শীর্ষ লিগের ক্লাব ভেরিয়ার অবস্থা দেখে তেমনটাই মনে হবে। আরেক ক্লাব অ্যাস্টেরাসের সঙ্গে ম্যাচ খেলতে তারা ৮০০ কিলোমিটার পাড়ি দেয় বাসে। সময়ও লেগেছে পাক্কা সাড়ে আট ঘণ্টা। এমনিতে এত দীর্ঘ ভ্রমণের ঝক্কি সামলানো মুখের কথা নয়। ম্যাচের পর কিছুটা বিশ্রাম তো লাগেই। কিন্তু ভেরিয়া ম্যাচ শেষেই আবার সেই বাসেই চলে এসেছে নিজেদের শহরে। রাত কাটানোর জন্য হোটেল ভাড়া করাও এখন তাদের কাছে বিলাসিতা! এএফপি। সাহিত্যিক ইব্রা! যে রাঁধে সে চুল ও বাঁধে। জ্লাতান ইব্রাহিমোভিচকে দেখুন। বছর খানেক আগে বের হয়েছে সুইডেনের স্ট্রাইকারের আত্মজীবনী আমিই জ্লাতান ইব্রাহিমোভিচ। বইটি বেশ সাড়া ফেলেছে, পেতে পারে বড় পুরস্কারও। সুইডেনের একটি মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ইব্রার বই। নভেম্বরে পাওয়া যাবে চূড়ান্ত ফল। বিচারকদের ভাষায়, এটা এমন এক বই, পড়তে সুখপাঠ্য তো বটেই, মনেও দাগ কাটতে যথেষ্ট। নিজের শহর রোসেনগার্ড থেকে মিলান পর্যন্ত ইব্রার পথচলা উঠে এসেছে এই আত্মজীবনীতে। বুটজোড়া তুলে নেওয়ার পর ইব্রা এখন লেখালেখিকে পেশা হিসেবে নিতেই পারেন! এএফপি।