অন্য কলাম
ধরাশায়ী ক্লিচকোবিশ্বের বাঘা বাঘা বক্সাররা যা পারেননি, সেটাই করে দেখাল সামান্য চিকেন সালাদ। ধরাশায়ী করল ভ্লাদিমির ক্লিচকোকে! ইউক্রেনের এই ৩৬ বছর বয়সী হেভিওয়েট চ্যাম্পিয়ন থাকেন জার্মানিতে। হামবুর্গের এক রেস্তোরাঁর চিকেন সালাদ খুবই পছন্দ হয়েছিল তাঁর। সেই সালাদ খেয়েই অসুস্থ হয়ে অ্যাম্বুলেন্স ডেকে আনা, ছুটতে হলো চিকিৎসকের কাছে। আইবিএফ, ডব্লুবিএ, ডব্লুবিও এবং আইবিওর শিরোপা ধরে রাখা ক্লিচকো শেষ পর্যন্ত ধরাশায়ী না-ও যদি হন, অন্তত শয্যাশায়ী তো বটেই। ওই রেস্তোরাঁর খাবার খেয়ে অসুস্থ হয়েছেন আরও চারজন! এএফপি।যাত্রার সমাপ্তিসেই ১৯৮২ সালে মাত্র ৩৬ বছর বয়সে শুরু করেছিলেন যাত্রা। নিজের দেশ হল্যান্ডের ক্লাব ফুটবলে শুরু করে স্পেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ইংল্যান্ড—কোচ হিসেবে বিশ্ব চক্কর দেওয়া হয়ে গেছে। দেখতে দেখতে বয়স এখন ৬৬। আর কত! এবার তাই যাত্রাবিরতির সিদ্ধান্ত নিয়েছেন গাস হিডিঙ্ক। এই মৌসুম শেষেই দীর্ঘ ৩০ বছরের কোচিং ক্যারিয়ারে যতি বসাবেন বলে জানিয়ে দিয়েছেন আনঝি মাখাচকালার ডাচ কোচ। তাঁর এ ঘোষণাটা আনঝির জন্য একটু যেন বিস্ময় হয়েই এসেছে। এ বছরই দায়িত্ব নেওয়া হিডিঙ্কের কাঁধে ভর করেই ‘বড়’ শক্তি হওয়ার স্বপ্নটা পূরণ করতে চেয়েছিল রাশিয়ার ক্লাবটি। এএফপি।