অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারাডোনার পছন্দ
বৈচিত্র্যপিয়াসী মন তাঁর। কখন কাকে পছন্দ হয়ে যায় সেটা বোধ হয় ডিয়েগো ম্যারাডোনা নিজেও জানেন না। ঠিক এ মুহূর্তে যেমন ম্যারাডোনার প্রিয় খেলোয়াড়টির নাম আর্তুরো ভিদাল। জুভেন্টাসের চিলিয়ান মিডফিল্ডারের মুগ্ধ ভক্ত তিনি। দক্ষিণ আমেরিকান একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সেই মুগ্ধতার কথা বলেছেনও অকপটে, ‘ভিদাল এমন একজন খেলোয়াড় যাকে আমি খুবই পছন্দ করি। সে হচ্ছে বোকা জুনিয়র্সের খেলোয়াড়দের মতো, যে লড়তে ভয় পায় না এবং গায়ে জার্সিটা উঠলেই যার সাহস বেড়ে যায়।’ হয়তো এ কারণেই ভিদালের দল চিলিকে এ বছরের কোপা আমেরিকায় অন্যতম ফেবারিটও মনে করেন ম্যারাডোনা, ‘যেহেতু ওরা স্বাগতিক, সে কারণেই শিরোপার অন্যতম দাবিদার। আর ভিদাল ছাড়াও ওদের দলে অ্যালেক্সিস সানচেজ, গ্যারি মেদেলের মতো খেলোয়াড় আছে।’ অবশ্য ফুটবলের ভবিষ্যদ্বাণীতে ম্যারাডোনা কখনো সাফল্য পানননি! গোলডটকম।

বিজয়ী
জুরিখের কংগ্রেস হাউসে ক্রিস্টিয়ানো রোনালদো পরশু যখন ফিফা-ব্যালন ডি’অর জিতলেন, রোনালদো নামের আরেকজনও তখন বিজয়ী বাহামায়। সেটি অবশ্য পোকার টেবিলে! জিতেছেন ৪২ হাজার ১৮০ মার্কিন ডলার। তিনবারের ফিফা বর্ষসেরা ব্রাজিলের রোনালদো পোকার খেলায় ক্রমেই দক্ষ হয়ে উঠছেন। গত বছরের শেষের দিকে এক চ্যারিটি পোকার ইভেন্টে রাফায়েল নাদালের কাছে হেরে গিয়েছিলেন। তখনই জানিয়েছিলেন, এই খেলাটি নিয়ে কাজ করবেন। সেটি যে করেছেন, তার প্রমাণ তো তাসের খেলাটিতে এই ডলার জয়। বাহামার সর্ববৃহৎ পোকার আয়োজনে ৪১৬ প্রতিযোগীর পেশাদার কয়েকজনকেই হারিয়েছেন রোনালদো। ২৬তম অবস্থানে থাকা রোনালদো এবার পাখির চোখ করতে পারেন প্রতিযোগিতার সেরা প্রাইজ ১৪ লাখ ডলার। তবে সেটি জিতুন আর না-ই জিতুন, পরশু যা জিতেছেন তাতেই খুশি রোনালদো, ‘আমি খুবই রোমাঞ্চিত। ফুটবল মাঠে খেলার সময় যেমন অনুভূতি হতো, ঠিক একই রকম অনুভব করছি।’ মেইল অনলাইন।

অনুতপ্ত লেভা
ভোট দিলেন একজনকে, নির্বাচিত হলেন অন্যজন। রবার্ট লেভানডফস্কির ব্যাপারটা তা নয়। ফিফা-ব্যালন ডি’অরে তাঁর প্রথম পছন্দ ক্রিস্টিয়ানো রোনালদোই জিতেছেন। তার পরও কেমন একটা অস্বস্তিতে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। রোনালদোকে প্রথম পছন্দতে রাখতে গিয়ে যে তিনি অবিচার করেছেন ক্লাব সতীর্থ ম্যানুয়েল নয়্যারের ওপর! ভুল করার কথা অকপটেই স্বীকার করছেন পোল্যান্ডের ফুটবল অধিনায়ক লেভা, ‘নয়্যারকে রেখে রোনালদোকে ভোট দেওয়াটা ভুল ছিল। যদি আবার সুযোগ হতো অবশ্যই আমার ভোটটা পেত নয়্যার।’ কিন্তু এখন কী আর করার, দুঃখ প্রকাশ করা ছাড়া! সেটা তো করলেনই, ভোটাভুটিতে নয়্যার দ্বিতীয় হতে পারেননি বলে বিস্মিতও লেভানডফস্কি, ‘ম্যানুয়েলের জন্য আমি দুঃখিত। সে দ্বিতীয় হতে না পারায় সত্যিই বিস্মিত হয়েছি। রোনালদোর সঙ্গে তার ব্যবধানটাও (ভোটাভুটিতে) হতবাক করেছে আমাকে।’ আইএএনএস।