অন্য কলাম
রোনালদো-ওবামাবারাক ওবামার জয়ে ক্রিস্টিয়ানো রোনালদো বেশ খুশি। মানুষ হিসেবে ওবামাকে পছন্দ রিয়াল মাদ্রিদ তারকার। ওবামার সততায় তিনি মুগ্ধ। মুগ্ধ ওবামার কথা বলার ধরনে। মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারার ক্ষমতা দেখে। ‘মানুষের সঙ্গে তিনি যেভাবে কথা বলেন, যেভাবে ভাবনার আদান-প্রদান করেন, সেটা আমার খুবই ভালো লাগে। আমি মনে করি, তিনি যা বলেন তা দৃঢ়ভাবে বিশ্বাস করেন বলেই বলেন।’ ওবামার সঙ্গে দেখা করতে চান জানিয়ে পর্তুগিজ উইঙ্গার বলেছেন, ‘তাঁর সঙ্গে দেখা করতে চাই। কারণ তিনি একজন সৎ মানুষ।’ ওয়েবসাইট।পুতিনের ক্রীড়াপ্রেমনিজে জুডোর ব্ল্যাক বেল্টধারী, প্রতিদিন সাঁতার কাটেন, আইস হকি খেলেন। ভ্লাদিমির পুতিন ক্রীড়াপ্রেমী। খেলাটা বোঝেনও। কিন্তু লন্ডন ২০১২ অলিম্পিক তাঁকে বড় দাগা দিয়েছে। সে একদিন ছিল, যখন সাবেক সোভিয়েত ইউনিয়ন অলিম্পিক পদক তালিকায় শীর্ষস্থান ছাড়া ভাবত না। সোভিয়েত ভেঙেছে, সেই দিন গেছে। তাই বলে ২৪টি মাত্র সোনা জিতে রাশিয়া পদক তালিকার চারে থাকবে? লন্ডনের এই ‘ব্যর্থতা’কেই শিক্ষা হিসেবে নিতে বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট। আগামী ২০১৪ নিজের দেশের সোচি শীতকালীন অলিম্পিকে রাশিয়াকে সেরা দেখতে চান। এ জন্য সব ক্রীড়া কর্মকর্তাকে আগেভাগেই বার্তা দিয়ে রাখলেন। পুতিনের কাছে ক্রীড়াসাফল্য দেশপ্রেমেরই বিকল্প নাম। এএফপি।নিউয়েলসের মেসিখেলতে পারুক আর না পারুক, থিয়াগো মেসি বার্সেলোনারই সমর্থক হবে একদিন। বাবা লিওনেলের প্রত্যাশা তেমনটাই। তবে বার্সার আগেই নিউয়েলস ওল্ড বয়েজের সমর্থক হয়ে গেল থিয়াগো! গত রোববার নিউয়েলসের ম্যাচে সমর্থকদের হাতে ধরা ছিল বিশাল ব্যানার। তাতে লেখা: ‘এই পৃথিবীতে, লেপারদের (ক্লাব সমর্থকদের ডাকনাম) ভুবনে স্বাগতম থিয়াগো মেসি, সদস্য নম্বর ২৮৮১১৫২!’ পুত্রকে যে নিউয়েলস এরই মধ্যে ‘সদস্য’ বানিয়ে ফেলেছে, তাতে মেসি নিশ্চয়ই আপত্তি করবেন না। আর্জেন্টিনার এই ক্লাবেই ফুটবলে হাতেখড়ি হয়েছিল মেসির। ক্লাবটির যুবদলেও খেলেছেন। ছিলেন পাঁড় সমর্থকও। ওয়েবসাইট।