অন্য কলাম
বোল্টের হার-জিতঅ্যাথলেট উসাইন বোল্টের হারের অভ্যাস খুব একটা নেই, ট্র্যাকে সর্বশেষ হারটা হয়তো মনে করতে পারবেন না নিজেও। তবে হারতে হলো ‘ফুটবল সমর্থক’ বোল্টকে। জন্মভূমি জ্যামাইকা বাছাইপর্ব উতরাতে না পারায় স্প্রিন্টের রাজা বিশ্বকাপে সমর্থন দিয়েছিলেন আর্জেন্টিনাকে। সেই ডিয়েগো ম্যারাডোনার দল বাদ পড়ে যায় কোয়ার্টার ফাইনালেই। ফাইনালে তাই আবার দল পাল্টাতে হলো বোল্টকে। এবার হল্যান্ড, জয়ের দেখা মিলল না তাতেও। টানা এই ব্যর্থতায় হতাশ হলেও খেলোয়াড়সুলভ মানসিকতাটি হারিয়ে যায়নি বোল্টের। মেনে নিয়েছেন, স্পেন জিতেছে যোগ্য দল হিসেবেই। তবে ‘সমর্থক বোল্ট’ হারলেও জিতেছেন ‘জ্যোতিষী বোল্ট’। গত এপ্রিলেই নাকি বলেছিলেন, বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল অথবা স্পেন। হলোও তো তা-ই! ওয়েবসাইট।রোনালদোর শুভেচ্ছাদক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন মস্ত বড় এক স্বপ্ন নিয়ে—পর্তুগালকে উপহার দেবেন বিশ্বকাপ ট্রফি। ক্রিস্টিয়ানো রোনালদোর সেই স্বপ্ন দ্বিতীয় রাউন্ডেই গুঁড়ো গুঁড়ো। পর্তুগালকে হারিয়ে শেষ আটে পৌঁছে যায় স্পেন। সেই স্পেনই আবার জিতেছে প্রথমবারের মতো বিশ্বকাপ। ভাবছেন, ক্যাসিয়াস-ভিয়া-জাভিদের উৎসব দেখে রোনালদো জ্বলে-পুড়ে মরছেন! মোটেও তা নয়। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে খেলেন, স্পেনের খেয়ে-পরে জীবন কাটান। ‘কৃতজ্ঞ’ রোনালদোও তাই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন দলকে পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা, ‘বিশ্বকাপ জেতার জন্য লা রোজাদের ধন্যবাদ।’ টুইটারে এই ধন্যবাদটা তিনি দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। বিশ্বকাপে ব্যর্থ হলেও বান্ধবীকে নিয়ে রোনালদো সেখানে ভালোই আছেন। ওয়েবসাইট।স্পেন নয়, যুক্তরাষ্ট্রদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে। ফুটবলপাগল স্প্যানিয়ার্ডরা খেলা দেখতে টিভি সেটের সামনে বুঁদ হয়ে বসবে, এটাই স্বাভাবিক। তাই বলে এতটা? দেশের মোট জনসংখ্যা প্রায় ৪ কোটি ৬০ লাখ। এর মধ্যে এক কোটি ৪০ লাখ মানুষই ফাইনাল দেখেছে টিভিতে। তাই বলে আবার ভাববেন না, স্পেনেই সবচেয়ে বেশি মানুষ খেলা দেখেছে টিভিতে। সেই ‘রেকর্ড’ এমন এক দেশ দখল করেছে, যেখানে ফুটবলই আসলে ততটা জনপ্রিয় ছিল না কখনো। কোন দেশ? যুক্তরাষ্ট্র। ২ কোটি ৪৩ লাখ মানুষ এদিন ফাইনাল দেখেছে টিভিতে। বাংলাদেশের দর্শকসংখ্যার বোধহয় জরিপ করা হয়নি! এএফপি।