অন্য কলাম
পারিবারিক গেমসমাত্র ২ লাখ ২০ হাজার মানুষের বাস সামোয়ায়। ২৮৩১ বর্গকিলোমিটারের এই দেশটির মানুষ কৃষি ও কলকারখানার কাজে ব্যস্ত থাকে। কাজের অবসরে খেলতে ভালোবাসে রাগবি। ছোট্ট এই দেশটিতে অ্যাথলেট খুঁজে পাওয়া মুশকিল! কিন্তু এই দেশটিই এবারের কমনওয়েলথ গেমসে দারুণ সফল। দেশের ইতিহাসে কমনওয়েলথ গেমসে সবচেয়ে বেশি চারটি পদক জিতেছে তারা। তিনটিই আবার সোনার পদক। সোনা তিনটি আবার গেছে একই পরিবারে। কৃষিকাজ ছেড়ে ওপেলগে পরিবারের দুই ছেলে আর এক মেয়ে হতে চেয়েছিলেন অ্যাথলেট। ইচ্ছে পূরণ করে তাঁরা এলেন দিল্লি কমনওয়েলথ গেমসে। ফিরলেন হাতভরে। ভারোত্তোলনে প্রথমে সোনা জিতেছেন বড় ভাই ফায়াভি ফাউলিউলি। এরপর ছোট বোন ইলে এবং ভাই নিউসিলা ওপেলগে। ওয়েবসাইট। ফার্গুসন মিথ্যুক!বেচারা অ্যালেক্স ফার্গুসন, প্রিয় শিষ্যকে বাঁচাতে গিয়ে হয়ে গেলেন মিথ্যাবাদী! বিশ্বকাপের আগে ওয়েইন রুনির ব্যক্তিগত জীবন নিয়ে চটকদার সব খবর ছাপতে শুরু করেছিল ইংল্যান্ডের পত্রপত্রিকা। এমনকি তাঁর বিয়ের বাইরের রোমাঞ্চও উঠে আসে খবরে। তখন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কয়েকটি ম্যাচে রুনি খেলেনওনি। রুনিকে সমালোচনা থেকে বাঁচাতে ফার্গুসন সাংবাদিকদের বলেছেন, অন্য কোনো কারণে নয়, অ্যাঙ্কেলের চোটের জন্যই খেলছেন না রুনি। গত মঙ্গলবার মন্টেনেগ্রোর বিপক্ষে ইংল্যান্ডের ইউরো বাছাইপর্বের ম্যাচে রুনি ভালো না খেলায় সাংবাদিকেরা প্রশ্ন করেন—ফার্গুসন যে বলেছেন অ্যাঙ্কেলের চোট আছে আপনার, সেটা কি পুরো সেরেছে? ‘অ্যাঙ্কেলের চোট? ছিল নাকি আমার? আমি তো জানতাম না’—রুনির বিস্ময়! ওয়েবসাইট।হারজিতহেরেও যেন জিততে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর জিতেও নিজেকে পরাজিতই মনে হচ্ছে ইউনুস খানের। বোর্ড বনাম ইউনুস লড়াইটা আপাতত এ রকম চেহারাই নিয়েছে। দুই পক্ষের মামলা-মোকদ্দমার বিস্তর জলঘোলার পর আপাতত পরিস্থিতি শান্ত। পিসিবির পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে গত অস্ট্রেলিয়া সফরের পর থেকে ব্রাত্য হয়ে থাকা ইউনুসকে। কিন্তু এই ডেকে পাঠানোর ধরনটা আবার অনেকটা হুকুমনামার মতো মনে হচ্ছে ইউনুসের কাছে। পিসিবির পাঠানো চিঠির ভাষা আরও ‘সৌহার্দ্যপূর্ণ’ হতে পারত বলে মনে করেন এই ব্যাটসম্যান। ‘চিঠিতে আমি আরও বেশি কিছু আশা করেছিলাম। কিন্তু আমাকে শুধু বলা হয়েছে চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে। সেই অপেক্ষাতেই আছি’—বলেছেন ইউনুস। ওয়েবসাইট।