অন্য কলাম
স্ত্রী ভয়ংকর!
স্বামী-স্ত্রীর মধ্যে কত রকম ঝগড়াই তো হয়। কিন্তু কখনো কি শুনেছেন রেগে গিয়ে কেউ কারও জিবে কামড় দিয়েছেন? বিস্ময়কর এবং ভয়ংকর এই কাণ্ডটা করেছেন বুন্দেসলিগার দল হামবুর্গের স্ট্রাইকার আর্তিয়োমস রুদনেভসের স্ত্রী। রাস্তায় স্বামীর সঙ্গে ঝগড়া লেগেছিল তাঁর। রেগে গিয়ে সেখানেই কামড়ে দেন রুদনেভসের জিব। সেই কামড় খেয়ে লাটভিয়ান স্ট্রাইকারের অবস্থা তো খুবই খারাপ। প্রায় ছিঁড়ে যাওয়া জিব নিয়ে ছুটতে হয়েছে হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে সেলাইয়ের পর তবেই রক্ষা! ঘটনাটি যাতে কেউ না জানে সে জন্য হাসপাতালেও একটা নকল নাম ব্যবহার করেছেন রুদনেভস। কিন্তু তাঁকে চেনার লোকের তো অভাব নেই! ঠিকই জানাজানি হয়ে গেছে ঘটনা। অভিযোগ পাওয়ার পর রুদনেভসের স্ত্রী সান্তাকে আটক করেছে পুলিশ। দুজনের দাম্পত্য জীবনটা যে আর আগের মতো থাকছে না সেটা বোধ হয় বলেই দেওয়া যায়। ফক্স স্পোর্টস।
রং বাহারি
দুই বছর আগে মস্কোতে অনেকেই চমকে গিয়েছিলেন। শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের চুল এমন বর্ণিল! মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনাজয়ী জ্যামাইকার এই স্প্রিন্টার অবশ্যই সবার নজর কেড়েছেন, তবে তাঁর গোলাপি রঙের চুলও কম আকর্ষণ করেনি। বাহারি রঙে চুল রাঙাতে পছন্দই করেন ফ্রেজার-প্রাইস। এই বছর বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে আবার চমক। এবার চুলে করালেন সবুজ রং, এই চুল নিয়েই জিতলেন ১০০ মিটারের সোনা। পরশু জুরিখে ডায়মন্ড লিগে ওই রংটা তুলে ফেলে ফ্রেজার-প্রাইস ফিরে গেলেন নিজের আদি ও অকৃত্রিম কালো চুলে। তবে ১০০ মিটারের সোনা জেতায় কোনো সমস্যা হয়নি! গোলাপি পর সবুজ, সামনে চুলকে কী রঙে রাঙাবেন ফ্রেজার-প্রাইস? রয়টার্স।