অন্য কলাম
আইসিসির ভুলক্রীড়া প্রতিবেদক চারদিকে যখন সাফল্যের জয়গান, তখন না-পারার প্রশ্ন উঠছে কেন? উঠছে আইসিসির গাণিতিক ভুলের কারণে। কালকের ম্যাচের আগে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ ৪-০ ব্যবধানে সিরিজ জিতলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে ৮-এ উঠে যাবে। কাল ম্যাচ শেষে টিভিতে সেই র্যাঙ্কিং দেখানোও হয়েছে। কিন্তু পরে আইসিসি নিজেদের ভুল শুধরে নিয়ে বিবৃতি দেয়। বাংলাদেশ আসলে ৯ থেকে ৮-এ উঠতে পারেনি। এই সিরিজে ১৩ রেটিং পয়েন্ট যোগ করেছে বাংলাদেশ। এখন মোট রেটিং পয়েন্ট ৬৭। ওয়েস্ট ইন্ডিজেরও তাই। কিন্তু এর মধ্যে সূক্ষ্ম একটা ব্যবধান আছে। ওয়েস্ট ইন্ডিজের মূল রেটিং পয়েন্ট আসলে ৬৭.০৬, বাংলাদেশের ৬৬.৬৮। এ কারণে বাংলাদেশকে ৯ নম্বরেই থাকতে হচ্ছে। ম্যারাডোনাই কোচ!এই না হলে কি ডিয়েগো ম্যারাডোনা! দুই দিন আগেই শোনা গেল, ম্যারাডোনা নিজেই আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। কালই আবার খবর এল, ম্যারাডোনা বলেছেন, এখনো তিনিই আর্জেন্টিনার কোচ! এটা কীভাবে সম্ভব? আর্জেন্টিনার আপৎকালীন কোচ সার্জিও বাতিস্তাকে কি তাহলে চালাচ্ছেন ম্যারাডোনাই? আসলে তা নয়। স্বভাবসুলভ যুক্তি দেখিয়ে ম্যারাডোনা বলেছেন, ‘আমি এখনো আর্জেন্টিনার কোচ। অনেকে হয়তো অনেকের নাম বলবে, কিন্তু আমিই এখনো কোচ। ফল আমাকে বাইরে ঠেলে ফেলেছে। আর এ ধরনের ব্যাপার তো ফুটবলে ঘটতেই পারে।’ তা তো বটেই। যত যা-ই হোক, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কোচ হিসেবে ম্যারাডোনার নাম চিরদিনই লেখা থাকবে। ওয়েবসাইট। নরম্যানের হ্যাটট্রিক!শিরোপা জয়ের হ্যাটট্রিক তো কতই করেছেন গ্রেগ নরম্যান। এবার অন্যরকম একটি হ্যাটট্রিক করতে চলেছেন বিখ্যাত গলফার। তৃতীয়বারের মতো বিয়ে করতে চলেছেন তিনি। গত বছর টেনিস তারকা ক্রিস এভার্টের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর এত দিন শূন্য হূদয়ে ঘুরছিলেন ৫৫ বছর বয়সী নরম্যান। তবে হঠাৎ করে দেখা হয়ে গেল দুই সন্তানের জননী কারস্টেন কুটনারের সঙ্গে। একেবারে প্রথম সাক্ষাতেই প্রেম যাকে বলে। কথাটি বলেছেন নরম্যান নিজেই, ‘মাত্র এক মিনিটই আমরা কথা বলেছিলাম। এর পরই সবকিছু বদলে গেল।’ বিয়ের সিদ্ধান্তও তৎক্ষণাৎ। কুটনার নরম্যানকে পেয়ে খুব খুশি, ‘তার মতো একজন মানুষকে পেয়েছি আমি। নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যমান নারী মনে হচ্ছে।’ ওয়েবসাইট।