অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হেলসের মুখোশ
প্রথম দুই ম্যাচে হারা ইংল্যান্ড জয়ের মুখ দেখল তৃতীয় ম্যাচে এসে। এই জয়টাই সিরিজে ফিরিয়েছে তাদের। তবে পরশু ৯৩ রানে জেতা ম্যাচটিতে সবচেয়ে বেশি উদ্যাপনের মেজাজে ছিলেন বোধ হয় অ্যালেক্স হেলস। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় ওল্ড ট্রাফোর্ডের গ্যালারির উল্লসিত দর্শকদের সঙ্গে খুনসুটিও করেছেন ইংল্যান্ড ওপেনার। বাউন্ডারির পাশে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন হেলস। এ সময় মজা করেই গ্যালারি থেকে এক দর্শক ‘সিন্ধুঘোটকে’র মুখোশ ছুড়ে মারেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের দিকে। হেলসও কম যাননি, সামুদ্রিক প্রাণীটির মুখোশ পরে হাসিয়েছেন দর্শকদের। ব্যাট হাতে মাত্র ৯ রান করেছেন। তবে দলের জয়ের দিনে কে আর এত মনে রাখে! দর্শকদের বাড়তি পাওনা হেলসের কাছ থেকে কিছু বিনোদন! ডেইলি মেইল।

শখের মূল্য
ক্যারিয়ারে শেষবারের মতো বক্সিং রিংয়ে নামবেন শনিবার। পেশাদার ক্যারিয়ারে এখনো অপরাজিত ফ্লয়েড মেওয়েদার যে আন্দ্রে বার্তোর বিপক্ষে লড়াইটিতে জিতবেন, এ নিয়ে সংশয় খুব কম। তবে রিংয়ের লড়াইয়ের আগে গত পরশু বেশ ‘বড়’ ঝামেলার সমাধান করলেন আমেরিকান বক্সার। ঝামেলা বাধিয়েছে তাঁর মেয়ের পাঠানো একটি খুদে বার্তা। বাবাকে দেখতে লস অ্যাঞ্জেলেস থেকে আসতে চাইছে মেওয়েদারের মেয়ে। সিদ্ধান্ত নিতে পারছিল না, সাধারণ বিমানে আসবে নাকি বাবার প্রাইভেট জেটটি আনিয়ে নেবে। সমাধান চেয়েই বার্তাটি পাঠানো। মেওয়েদারও দিলেন তাৎক্ষণিকে সমাধান, ‘গাড়িবহর’ থেকে নিজের জেটটি পাঠিয়ে দিলেন। গাড়ির বহরই তো। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ২০১৫ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী এই ক্রীড়াবিদের সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর, পোরশে ৯১১, বুগাটি ভেরন, ফেরারি ৫৯৯ জিটিবিসহ প্রায় সব ধরনের স্পোর্টস কার। সঙ্গে গালফস্ট্রিম ৫ প্রাইভেট জেটটি তো আছেই। সব মিলিয়ে যানবাহনের পেছনেই খরচ হয়েছে ৩৫ মিলিয়ন ডলার! ডেইলি মেইল, এপি।