অন্য কলাম
হিসাব দাওবিশ্বকাপ তো এসেই গেল। সম্পদের হিসাব বিবরণী দিতে হবে না! এতটুকু পড়ার পর আপনার মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, বিশ্বকাপের সঙ্গে সম্পদের হিসাবের সম্পর্ক কী? বিশ্বকাপ তো আর নির্বাচন নয় যে প্রার্থীদের হিসাব দাখিল করতে হবে। তা না হলেও তাই করতে হচ্ছে শোয়েব মালিক আর কামরান আকমলকে। এই দুই ক্রিকেটারকে পাকিস্তান ক্রিকেট বোর্ড নোটিশ দিয়েছে, ৩০ ডিসেম্বরের মধ্যে তাঁদের সম্পদের পুরো তালিকা দিতে হবে। না হলে বিশ্বকাপের প্রাথমিক দলে বিবেচনা করা হবে না তাঁদের। এই দুই ক্রিকেটারের জন্য এখনো প্রাথমিক দল ঘোষণা করতে পারেনি পাকিস্তান। আইসিসির কাছে সময় চেয়েছেন তাঁরা। পিসিবি দল দেবে ৫ জানুয়ারি। ওয়েবসাইট।স্মিথের ক্যাপপ্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে জয়, ডারবানেও সবুজ উইকেট, মেজাজটা ফুরফুরেই থাকার কথা গ্রায়েম স্মিথের। কিন্তু দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডারবান টেস্টে নামছেন স্বজন হারানোর বেদনা নিয়ে। ভারতের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টেস্ট খেলতে কেপটাউন থেকে ডারবানে আসার সময় নিজের টেস্ট ক্যাপটি হারিয়ে ফেলেছেন স্মিথ। ২০০২ সালে অভিষেকের পর থেকে ওই ক্যাপ পরেই মাঠে নেমেছেন আরও ৮৮ টেস্টে। নতুন ক্যাপ তো চাইলেই পাওয়া যায়, কিন্তু ৮ বছর ধরেই মাঠে অনেক সাফল্য-ব্যর্থতা, আনন্দ-বেদনা, হতাশায় সঙ্গী ক্যাপটিকে হারিয়ে স্মিথের মন ছেয়ে গেছে বিষাদে। টুইটারে তাই তাঁর আকুতি, ‘এই ক্যাপটা আমার কাছে বিশেষ কিছু, কেউ যদি পেয়ে থাকেন বা কিছু জানেন, দয়া করে জানাবেন।’ ওয়েবসাইট।