অন্য কলাম
ওয়ার্ন হাজিরমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গেলেই দেখা মিলবে শেন ওয়ার্নের। সে আপনি যখনই যান, আপনাকে স্বাগত জানাতে সব সময়ই হাজির থাকবেন মেলবোর্নের সন্তান। এই স্টেডিয়ামে বসানো হচ্ছে ওয়ার্নের ব্রোঞ্জের মূর্তি। ডন ব্র্যাডম্যান, ডেনিস লিলিসহ অস্ট্রেলিয়ার সাবেক ১০ কিংবদন্তি ক্রিকেটারের মূর্তি আগে থেকেই বসানো আছে এখানে। এবার এমসিজি কর্তৃপক্ষ ঘোষণা দিল ৭০৮টি টেস্ট উইকেটের মালিকের মূর্তি বানানোর। ‘চার বছর আগে এ মাঠে সর্বশেষ টেস্ট খেলেছে ও। ঠিক এই সময়েই তাই আমরা ওর মূর্তি বানানোর ঘোষণা দিচ্ছি’—বলেছেন মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সভাপতি ডেভিন মিকলেজন। ওয়েবসাইট।‘সাহসী’ জুলকারনাইনজুলকারনাইন হায়দারের রহস্যজনক অন্তর্ধানের রহস্য ভেদ করতে পারেনি পিসিবির তদন্ত কমিটি। তবে তাদের প্রতিবেদনে জুলকারনাইনকে ‘দুর্বলচিত্ত’ বলে একটা আভাস দেওয়া হয়েছে, কে না কে হুমকি দিয়েছে, আর সেটা শুনেই ভয়ে পালিয়ে গেছেন এই ক্রিকেটার। সংবাদমাধ্যমে এ ধরনের খবর ছাপা হওয়ার পর যুক্তরাজ্যে অবস্থানরত এই ক্রিকেটার চটে গেছেন। ফেসবুকের মাধ্যমে তিনি জানিয়েছেন, পিসিবি তাঁর চরিত্র হনন করেছে। বোর্ডের বিরুদ্ধে তিনি মামলাও করতে পারেন। ‘সাহসী’ জুলকারনাইনের প্রশ্ন, তাঁর পক্ষে যেসব সাবেক ক্রিকেটার কথা বলেছেন, তাঁরাও কি তবে দুর্বলচিত্তের? ওয়েবসাইট। ভালো বাবা‘ভালো বাবা’র নমুনা তাহলে এই? স্খলিত তারকা টাইগার উডস পাপ স্বীকার করে বলেছিলেন, এখন থেকে তাঁর সন্তানেরা একজন ভালো বাবা হিসেবেই পাবে তাঁকে। সেই উডসই কিনা থাকছেন না ছেলের জন্মদিনে! চার্লির প্রথম জন্মদিনে থাকতে পারেননি উডস। তখন পুনর্বাসন-প্রক্রিয়া চলছিল তাঁর। থাকতে পারবেন না আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় জন্মদিনেও। তখন দুবাইয়ে একটা টুর্নামেন্টে খেলতে যাবেন। সন্তানের চেয়ে গলফটাই বড় হলো তাঁর কাছে? এই প্রশ্ন তুলেছেন উডসের সাবেক স্ত্রী এলিন। এলিনের এক বন্ধু জানিয়েছেন, ‘ও আসলে ভয়ানক চটে আছে টাইগারের ওপর।’ ওয়েবসাইট।