অন্য কলাম
২২ গজে লরগাতআঙুলের চোট কাটিয়ে উঠেছেন। ফিটনেসটা পরখ করতে দুই দিন আগে একটা ক্লাব ম্যাচ খেললেন গ্রায়েম স্মিথ। উদ্বোধনী জুটিতে তাঁর সঙ্গী জহির লরগাত। নাম শুনে কিছু আন্দাজ করতে পারছেন? ঠিকই ধরেছেন, আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতের ছেলে জহির। নিজের ক্রিকেট হিরোর সঙ্গে খেলার উত্তেজনায় নাকি থরথর কাঁপছিলেন লরগাত জুনিয়র। ব্যাটিং ভালোই করলেন, কিন্তু ফিল্ডিংয়ে একটা চার বাঁচাতে গিয়ে আছড়ে পড়লেন সাইটস্ক্রিনে। হাঁটু কেটে গেল। সঙ্গে সঙ্গে হাসপাতাল, সেলাই পড়ল ১২টি। লরগাত সিনিয়র যখন হাসপাতালে ছুটে গেলেন, ছেলে তখন হাসছে! ‘চোট পেয়েছি তো কী, স্মিথের সঙ্গে তো খেলতে পেরেছি!’—বিস্মিত বাবাকে ছেলের উত্তর। ওয়েবসাইট।কাতালান বিদ্বেষএকটা সময় ছিল, যখন হোসে মরিনহোর ভালোবাসা ছিল কাতালুনিয়া। ববি রবসন ও লুইস ফন গলের সহকারী হিসেবে কাতালান ক্লাব বার্সেলোনায় কাজ করতেন তখন। খুব ভালো বুঝতেন আর বলতে পারতেন কাতালান ভাষা। আর এখন? ভাষাটা জানেন, কিন্তু তাতে তাঁর কথা বলতে আপত্তি! কারণ, মরিনহো এখন মাদ্রিদের মানুষ, বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কোচ। তাই পরশু বার্সেলোনায় গিয়ে এসপানিওলকে ৪-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে কাতালান ভাষাটা বলতে চাইলেন না। কাতালান এক সাংবাদিককে সরাসরি বলে দিলেন, স্প্যানিশ কাস্তিলিয়ানে প্রশ্ন করুন, কাতালান ভাষায় নয়! ওয়েবসাইট। উপলব্ধি‘শ্রীলঙ্কা না দক্ষিণ আফ্রিকা?’—কোনো পেসারকে এই প্রশ্ন করার মানেই হয় না। যে প্রশ্নের উত্তর জানা, সেই প্রশ্ন করে কী লাভ? দক্ষিণ আফ্রিকার প্রাণবন্ত-বাউন্সি উইকেটে রেখে কি আর কেউ শ্রীলঙ্কার প্রাণহীন উইকেট বেছে নেবে! ট্রেন্ট কোপল্যান্ড কিন্তু ব্যতিক্রম। সম্প্রতি শ্রীলঙ্কায় টেস্ট অভিষেক হয়েছে এই অস্ট্রেলীয় পেসারের। ৩ টেস্টে ৬ উইকেট পেলেও প্রশংসা কুড়িয়েছেন দারুণ নিয়ন্ত্রিত ও সুইং বোলিং করে। এ মাসেই আবার দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে অস্ট্রেলিয়া। তরুণ পেসারের ধারণা, শ্রীলঙ্কায় অভিষেক হয়েই বরং ভালো হয়েছে, কঠিন অধ্যায় ভালোভাবে পার করে আসায় এখন দক্ষিণ আফ্রিকায় আরও ভালো করার আত্মবিশ্বাস পাবেন! ওয়েবসাইট।