অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিন এমনই!
ফুটবলজগতে রয় কিনকে সমঝে চলেন না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। সুযোগ পেলেই কোচ-খেলোয়াড়দের কঠোর সমালোচনা করেন। আবার প্রবল তাঁর রসবোধ। সব মিলিয়ে দারুণ এক চরিত্র আয়ারল্যান্ডের সহকারী কোচ। রসবোধের একটা উদাহরণ কালও রাখলেন কিন। ইউরো বাছাইয়ে আজ জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ আয়ারল্যান্ডের। তার আগে গত সোম ও মঙ্গলবারের দুটি অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন না দলের অধিনায়ক রবি কিন। কারণটা বেশ গুরুত্বপূর্ণই—দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে ছিলেন এলএ গ্যালাক্সি স্ট্রাইকার। এতেই গুঞ্জন উঠে গেল, জার্মানদের সঙ্গে ম্যাচে দলে থাকবেন তো রবি কিন? রয়কে প্রশ্নটা করতেই উত্তর এল, ‘অবশ্যই, কেন নয়? ও তো আর বাচ্চার জন্ম দেয়নি। ওর যতক্ষণ বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে না হচ্ছে, ও ঠিকই থাকবে।’ এই না হলে রয় কিন! গোলডটকম।

বোতল নিষিদ্ধ
কটকের দর্শকদের বাজে আচরণের মূল্য দিতে হচ্ছে ভারতের অন্য মাঠের দর্শকদের। কটকের বরাবতী স্টেডিয়ামে দর্শকেরা মাঠে পানির বোতল ছুড়ে মারায় খেলা বন্ধ থাকে দুই দফা। ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আগামীকাল ইডেন গার্ডেনে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। এই মাঠও দর্শক হাঙ্গামার এক কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী। তার ওপর আছে বরাবতীর তরতাজা এই উদাহরণ, ইডেন কর্তৃপক্ষ তাই সতর্ক। ইডেনে আজ বোতল নিয়ে মাঠে ঢোকার সুযোগ নেই। ১১ অক্টোবর প্রথম ওয়ানডের ভেন্যু কানপুরও জানিয়ে দিয়েছে—বোতল, টিফিন বক্স কিংবা ধাতব কোনো কিছু নিয়ে মাঠে ঢোকা যাবে না। এদিকে নিয়ম ভঙ্গ করে কেন দর্শকদের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হলো সেটা ওডিশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে জানতে চেয়েছে বিসিসিআই। রাজ্য ক্রিকেট সংস্থাটি অবশ্য বলেছে, প্রচণ্ড গরমের কথা ভেবেই দর্শকদের পানির বোতল নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। পিটিআই।