অন্য কলাম
ব্যর্থ চেষ্টা
‘মামুনুলরা কোথায়?’ বারবার প্রশ্নটা শুনে কৌশলী উত্তর দেন ইকবাল হোসেন, ‘ওরা আছে তো। বিশ্রাম দিয়েছি ওদের।’ কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার সেটা জেনেও বারবারই চাইলেন সত্যটা গোপন রাখতে। পারলেন কই! কোচ সেন্টফিট বলে দিলেন, ‘মামুনুলসহ পাঁচ ফুটবলারকে আমি অন্য কোথাও খেলতে যেতে অনুমতি দিইনি। তবু ওরা গেছে।’ কোচ কথাটা বলার সময় ইকবাল ছিলেন পাশেই। সাবেক ফুটবলার বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন এবং জানালেন বাফুফের অনুমতি নিয়েই কাল আন্তঃবাহিনী ফুটবলের ফাইনাল খেলতে গেছেন পাঁচ ফুটবলার। যদিও চোটের কারণে মামুনুল খেলেননি। কিন্তু কোচের অনুমতি ছাড়া এভাবে খেলোয়াড়দের ক্যাম্পের বাইরে যেতে দিয়ে তা গোপন রাখার কী চেষ্টাই না তিনি করলেন!
মেসির আশায়
নিউয়েলস ওল্ড বয়েজ সহসভাপতির দোষ কী! লিওনেল মেসি নিজেই তো অনেকবার বলেছেন কথাটা। ক্যারিয়ার শেষ করার আগে শৈশবের ক্লাব নিউয়েলসে ফেরার ইচ্ছা ব্যক্ত করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। মেসি নিজেই যখন এত করে বলছেন, নিউয়েলস তো এ নিয়ে স্বপ্ন দেখতেই পারে। ক্লাবটির সহসভাপতি ক্রিস্টিয়ান ডি’অ্যামিকোও যেন স্বপ্নে বুঁদ হয়ে আছেন। অবশ্য ২০১১ সালে এক প্রীতি ম্যাচে নিউয়েলসের জার্সিতে খেলেছিলেন মেসি। তবে ব্যাপারটি নিয়মিত হবে, এমন আশায় দিন গুনছেন ডি’অ্যামিকো, ‘ক্লাবের অন্যদের মতো আমিও নিশ্চিত, বিশ্বের সেরা খেলোয়াড়কে নিউয়েলসে এনে আমরা ইতিহাস গড়তে পারব। মেসিকে এই জার্সিতে খেলতে দেখার আনন্দ আমরা পাব। একবার ভাবুন, মেসি কোলোসোতে (নিউয়েলসের মাঠ) খেলছে, আর সারা বিশ্বের সংবাদমাধ্যমের দৃষ্টি সেদিকে।’ তবে মেসির বয়স তো এখন ২৯, স্বপ্নটা সত্যি হতে তাই মনে হয় আরও বছর কয়েক অপেক্ষা করতেই হবে ডি’অ্যামিকোকে। ডেইলি মেইল।

দুই পগবা
কদিন আগেই বিশ্ব রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস ছেড়ে যোগ দিয়েছেন কৈশোরের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে অনন্য হয়ে আছেন পল পগবা। তবে নিজের চেহারাতেই আর অনন্য থাকতে পারলেন না ফ্রেঞ্চ মিডফিল্ডার, খুঁজে পাওয়া গেছে তাঁর নকল। চেহারার মধ্যে মিল ততটা নেই, আসলে ‘পগবা’ সাজার চেষ্টাই করেছেন পগবার ওই ভক্ত। ইনস্টাগ্রামে নিজেই একটা ছবি দিয়েছেন পগবা, যেখানে দেখা গেল ইউনাইটেডের জার্সি গায়ে দুজন পাশাপাশি দাঁড়িয়ে। হুবহু একই রকম চুলের ছাঁট, তাতে একই রং, এমনকি পগবার মতো করে কানে দুলও পরেছেন তাঁর ভক্ত। দৃষ্টিভ্রম একটু হতেই পারে, ইউনাইটেড তাহলে এত দাম দিয়ে দুজন পগবাকে কিনেছে! ডেইলি মেইল।