অন্য কলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর পর...
ক্রিকেটার হিসেবে বিখ্যাত হওয়ার আগে কাজ করতেন ভারতের দক্ষিণ-পূর্ব রেলওয়েতে। পদবি—টিকিট পরিদর্শক। সেই তিনিই কিনা ট্রেনে ওঠেননি ১৩ বছর! বলা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির কথা। বদলে যাওয়া জীবনে ট্রেনে চাপার সুযোগই হয়নি ধোনির। পরশু সুযোগ যখন এল, হাতছাড়া করতে চাইলেন না ভারতের সাবেক অধিনায়ক। বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে ঝাড়খন্ড দলের সঙ্গে পরশু রাতে কলকাতাগামী ট্রেনে উঠে পড়লেন। গতকাল ভোরে পৌঁছেছেন হাওড়ায়। ২৫ ফেব্রুয়ারির ম্যাচটির জন্য চাইলে বিমানে আসতে পারতেন। ট্রেনেও নিতে পারতেন বিশেষ সেবা। কিন্তু কোনোটাই করেননি। দ্বিতীয় শ্রেণির এসি বগিতে চড়েছেন দলের সঙ্গে। জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছেন। ছাড়তে হয়েছে আইপিএলের দল পুনের অধিনায়কত্বও। ট্রেন ভ্রমণ করে নিজেকে ‘সাধারণ’ই হয়তো প্রমাণ করতে চাইলেন ধোনি। আইএএনএস।
অদ্ভুত প্রতিবাদ
ম্যাচ ২-২ অবস্থায়। খেলা শেষের বাকি মাত্র এক মিনিট। এমন সময় ভিয়েতনামের ভি-লিগ ওয়ানের ম্যাচে বিতর্কিত এক পেনাল্টি দিলেন রেফারি। গত রোববার হো চি মিন সিটির বিপক্ষে রেফারির এই সিদ্ধান্ত মানতে পারেননি প্রতিপক্ষ লং অ্যানের ফুটবলাররা। যখন স্পটকিক নেওয়া হলো, প্রতিবাদে গোলবারের নিচে পেছন ফিরে ঠায় দাঁড়িয়ে রইলেন লং অ্যানের গোলরক্ষক ইউয়েন। সঙ্গী দলের অন্যরাও। বাকি সময়টা প্রতিপক্ষ খেলোয়াড়দের বাধা দেওয়ার কোনো চেষ্টাই করেননি ইউয়েনের সতীর্থরা, খেয়েছেন আরও দুই গোল। ৫-২ গোলে হেরে যাওয়া ম্যাচে এ ঘটনার সূত্রে দুই বছর নিষিদ্ধ হয়েছেন ইউয়েন ও তাঁর সতীর্থ থান। তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন দলটির কোচ ও চেয়ারম্যান। তবে প্রতিবাদের এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এএফপি।