অন্য কলাম
পানিতে গলফ
মূল প্রতিযোগিতায় থাকতে এ রাউন্ডে ভালো করতেই হতো। এ অবস্থায় ষষ্ঠ হোলের খেলা শুরু করেন যুক্তরাষ্ট্রের গলফার শন স্টেফানি। কিন্তু বিধি বাম! তাঁর টি শটটি গিয়ে পড়ে পানিতে। দুই শটের পেনাল্টি মেনে নেওয়ার মতো অবস্থা স্টেফানির ছিল না। খানিক ভাবলেন। এরপর সবাইকে অবাক করে জুতা এবং পরনে থাকা প্যান্ট আর শার্ট খুলে ফেললেন। অন্তর্বাস পরে ক্লাব নিয়ে নেমে পড়লেন পানিতে। পরের শটটি খেললেন পানি থেকেই। ফ্লোরিডার ওই গলফ কোর্সের হ্যাজার্ডে বিষধর সাপ আছে বলে ধারণা। সেই ঝুঁকিও নিয়েছিলেন স্টেফানি। তবে লাভ হয়নি। পরের রাউন্ডে যেতে পারেননি। নিজের এই কাজের জন্য পরে টুইটারে সবার কাছে ক্ষমাও চেয়েছেন। মেইল অনলাইন।
বল-ডগ!
বাড়ির পাহারায় কুকুর রাখার প্রচলন অনেককাল আগে থেকেই চলে আসছে। অপরাধী ধরতে পুলিশের কুকুরের সাহায্য নেওয়ার বিষয়টিও পুরোনো হয়ে গেছে। কাউকে উদ্ধার করতেও সাহায্য নেওয়া হয় কুকুরের। এখন টেনিস কোর্টেও আসছে কুকুর। টেনিস খেলোয়াড়েরা কোর্টে লড়েন। তাঁদের এটা-ওটা এগিয়ে দিতে বা কোর্টের বাইরে যাওয়া বল আবার জায়গামতো এনে রাখতে লাইনের বাইরে থাকে বল-বয় বা বল-গার্ল। সাও পাওলোতে টেনিস টুর্নামেন্টে গত বছরও বল কুড়াতে কুকুর কাজে লাগানো হয়েছে। এবারও টুর্নামেন্টটির সেমিফাইনাল ও ফাইনালে থাকবে কুকুর। ডগ স্কোয়াডের সঙ্গে পুলিশ থাকে অথবা শিকারি কুকুরের সঙ্গে থাকে তার মালিক। সাও পাওলোর টেনিস কোর্টে কুকুরের সঙ্গে মালিক বা ট্রেনার থাকবে না। কাজগুলো নিজে থেকেই করবে কুকুরগুলো! ফক্স স্পোর্টস।