অন্য কলাম
ক্লাবের আবদারক্রীড়া প্রতিবেদকসালাম মুর্শেদীর টেবিলে একটি দরখাস্ত। সেটি নাড়াচাড়া করতে করতে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি বললেন, ‘কোন দিকে যাই বলেন; ক্লাবগুলো এবার বাংলাদেশ লিগে অবনমন তুলে দিতে একজোট হয়ে আরজি জানিয়েছে।’ বাফুফে ভবনে মুর্শেদীর কক্ষে বসে কাল ওই দরখাস্ত হাতে নিয়ে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। আবাহনী-মোহামেডানসহ ১১ দলের সবাই সই করেছে! মানে ‘গরিবে’র পাশে ‘ধনী’ও দাঁড়িয়েছে! ক্লাবগুলোর অবস্থা খারাপ—এই হলো যুক্তি। যদিও বাফুফে তা নাকচ করে দুটি দলের অবনমিত হওয়ার নিয়মটাই জারি রেখেছে। অপূর্ণই থাকছে ক্লাবের অদ্ভুত আবদার!বিজয়ী বালোতেল্লিবিতর্কিত কোনো কাণ্ডে বালোতেল্লিকেই শুধু ‘অপরাধী’ ভেবে নেওয়ার দিন শেষ! কারণ কৃতকর্মের দায় এড়াতে এবার উল্টো বালোতেল্লির কাছেই ক্ষমা চাইল গাজেত্তা দেল্লো স্পোর্ত। ক্ষমা চাওয়ার মতোই ঘটনা। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের পর ইতালিয়ান ক্রীড়া দৈনিকটি বালোতেল্লির একটা কার্টুন ছাপে, যাতে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকারকে দেখানো হয় ‘গরিলা’। বর্ণবাদী গন্ধ খুঁজে পাওয়া এ ঘটনায় ক্ষুব্ধ পাঠকেরা জানায় প্রতিবাদ। অবস্থা বেগতিক দেখে গাজেত্তা দেল্লো স্পোর্ত নিঃশর্ত ক্ষমা চেয়েছে, ‘সত্যি বলতে এটা আমাদের প্রতিভাবান কার্টুনিস্টের সেরা কাজ নয়। এই পত্রিকা পাঠকের। কার্টুনটিতে যদি অশোভন কোনো কিছু খুঁজে পান, আমরা ক্ষমাপ্রার্থী।’ ওয়েবসাইট।গুপ্তচর ক্লোসাখুব বেশি দিন হয়নি ইতালিতে গেছেন। মাত্র এক বছর। তবে মিরোস্লাভ ক্লোসার দাবি, এরই মধ্যে ইতালিয়ান ভাষাটি টুকটাক বুঝতে শুরু করেছেন। ফলে আজ মাঠে ইতালিয়ানরা কে কী বলছে না বলছে, সেসব তথ্য সতীর্থদের মধ্যে পাচার করে দিতে পারবেন। গত মৌসুমে লাৎসিওতে যোগ দেওয়া জার্মান স্ট্রাইকার বলছেন, ‘আমি গুপ্তচরগিরি করার চেষ্টা তো করবই। যা কিছু শুনব, সব পাচার করে দেব। কিছু কিছু কথা তো বোঝাই উচিত, কাজে লাগলে সেগুলো দলকে জানাব।’ কে জানে, ক্লোসাকে দেখে ইতালিয়ানরা হয়তো বেশি দুর্বোধ্য শব্দ ব্যবহার করে কথাবার্তা চালাবে! এএফপি।