অন্য গ্রহের মেসি এবং...
‘অন্য গ্রহের ফুটবলার’ প্রশংসাটা লিওনেল মেসি অনেকবারই শুনেছেন। এবার এমন একজনের কাছ থেকে শুনলেন, যাঁর কারণেই কথাটা আবার আলোচনায়। থিঁয়েরে অঁরির কাছ থেকে এমন শংসাপত্র পাওয়াটা তো বিশেষ কিছুই। শুধু অঁরি নন, আরেকজনও মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন। কাকা জানিয়ে দিয়েছেন, যাঁদের বিপক্ষে খেলেছেন, তাঁদের মধ্যে মেসিই সেরা।
২০০৭ থেকে ২০১০ পর্যন্ত অঁরি বার্সেলোনাতেই ছিলেন। মেসিকে খুব কাছ থেকেই দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই স্প্যানিশ দৈনিক এল মুন্দো দেপোর্তিভোর কাছে ফরাসি স্ট্রাইকার বলেছেন, ‘আপনি ওকে শব্দ দিয়ে সংজ্ঞায়িত করতে পারবেন না। প্রতিদিন ওর সঙ্গে খেলা আসলেই অসাধারণ। আমি জানি না ক্যারিয়ারে আসলে সে ঠিক কত দূর যাবে, কিন্তু অবশ্যই সে এর মধ্যেই একজন অবিশ্বাস্য খেলোয়াড়।’
কাকার সেই সৌভাগ্য হয়নি। হলেই বরং খুশি হতেন। এল ক্লাসিকোতে মেসিকে নিয়ে বেশ কয়েকবার মাথা ঘামাতে হয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ প্লে-মেকারকে। তবে শুধু মেসি নন, কাকা মুখর জিদান-বন্দনায়ও। এখনকার ক্লাব এসি মিলানের টুইটার পেজে বলেছেন, ‘যাদের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে জিদান ও মেসিই সেরা।’
কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর নাম কেউ বললেন না? কাকা কিন্তু ভোলেননি সাবেক সতীর্থকে, ‘যাদের সঙ্গে খেলেছি, তাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোই সেরা।’ ওয়েবসাইট।