অন্য জিম্বাবুয়েকে দেখল অস্ট্রেলিয়া
আগের দিন নাকানি-চুবানি খেয়েছে কেনিয়া ও কানাডা। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে প্রেরণা নিয়ে জিম্বাবুয়ের একই পরিণতি দেওয়ার স্বপ্ন দেখাটাই স্বাভাবিক ছিল রিকি পন্টিংদের। তবে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়া তো দূরের কথা, উল্টো অন্য এক জিম্বাবুয়েকে দেখতে হলো অস্ট্রেলিয়াকে।না, বিশ্বকাপের প্রথম ‘আপসেট’ ঘটায়নি জিম্বাবুয়ে। অসিদের কাছে হেরেছে ৯১ রানে। কিন্তু মাঠের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে এলটন চিগুম্বুরার দল যেভাবে খেলেছে, তাতে জিম্বাবুয়ের পরিচয় নতুন করে পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।জিম্বাবুয়ের সফলতার শুরুটা বোলারদের দিয়ে। অস্ট্রেলিয়ার মতো দলকে ৬ উইকেটে মাত্র ২৬২ রানে আটকে দেওয়া নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। শেষের দিকে দ্রুত রান না এলে অসিদের সংগ্রহটা আরও কম হতে পারত।শেষ পর্যন্ত যে রান এসেছে, তা অস্ট্রেলিয়ার জয় তুলে নেওয়ার জন্য যথেষ্ট। ব্রেট লি, শন টেইট, মিচেল জনসনরা তো নিমিষেই জিম্বাবুয়ের মতো ব্যাটিং অর্ডারকে ভেঙে-চুরে দিতে সক্ষম! কিন্তু ভয় না পেয়ে বুক চিতিয়েই লড়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। রান এসেছে ১৭১, কিন্তু দলটির ৪৬.২ ওভার পর্যন্ত ব্যাটিং করাই অসি বোলারদের জন্য ছিল অস্বস্তিকর। দলের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন জনসন। টেইট ও ক্রেজা নেন দুটি করে উইকেট।দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রিকি পন্টিং। অসি অধিনায়কের সিদ্ধান্তের প্রতি চ্যালেঞ্জ জানিয়েই যেন অস্ট্রেলিয়ার রানের চাকা টেনে ধরেন জিম্বাবুয়ের বোলাররা। ব্যক্তিগত ২৯ রানে সাজঘরে ফেরেন ব্রাড হাডিন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ব্যক্তিগত ৭৯ আর অধিনায়ক পন্টিং ২৮ রানে একই পথে হাঁটেন। ৫৮ রানে অপরাজিত থাকেন মাইকেল ক্লার্ক। ক্রিকইনফো।