অন্য দুশ্চিন্তাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ কঠিন হলো, নাকি সহজ? বিশ্বকাপ ড্রয়ের পর থেকে সমর্থকদের মধ্যে আলোচনা শুধু এ নিয়েই। কোচদেরও বিরামহীন কথা বলতে হচ্ছে এ নিয়েই। পাশাপাশি আরও দুটি বিষয় মাথায় রাখতে হচ্ছে অংশগ্রহণকারী প্রতিটি দলকে। বিশ্বকাপ চলাকালে ব্রাজিলের আবহাওয়া এবং ভেন্যুগুলোর মধ্যকার বিশাল দূরত্ব। পরশুর ড্রয়ে সূচি নিশ্চিত হয়ে যাওয়ায় এ দুটি বিষয় দুর্ভাবনায় ফেলেছে অনেক কোচকে।
ফরাসি কোচ দিদিয়ের দেশম যেমন। মোটামুটি সহজ গ্রুপ পাওয়ার আনন্দ তাঁর কিছুটা উবে গেছে ফ্রান্সের তিনটি ম্যাচের ভেন্যু দেখে। ফ্রান্স তিনটি ম্যাচ খেলবে পোর্তো আলেগ্রে, সালভাদর আর রিও ডি জেনিরোতে। আলেগ্রেতে বরফশীতল তাপমাত্রায় খেলে ফরাসিরা উড়ে গিয়ে পড়বে সালভাদরের ফুটন্ত কড়াইয়ে! গ্রুপের দল নিয়ে খুব বেশি চিন্তিত না হলেও ভেন্যু নিয়ে উদ্বিগ্ন জার্মান কোচ জোয়াকিম লোও। জার্মানির তিনটি ম্যাচই প্রবল তাপমাত্রার শহর সালভাদর, ফোর্তালেজা আর রেসিফেতে। এই ভেন্যুগুলোর একটির সঙ্গে অন্যটির দূরত্ব এত বেশি যে, বেস ক্যাম্প করার জন্য পছন্দসই জায়গা খুঁজতে কদিনের জন্য ব্রাজিল রয়ে গেছেন লো। এএফপি।
তাপমাত্রা এবং আর্দ্রতা দুটোই বেশি আমাজোনাস রাজ্যের রাজধানী মানাউসে। সে কারণেই হয়তো ওখানে কোনো ম্যাচ খেলতে অনাগ্রহী ছিলেন ইংল্যান্ড কোচ হজসন। কপাল মন্দ তাঁর, ইতালির সঙ্গে ইংল্যান্ডের প্রথম ম্যাচটাই মানাউসে। ইংল্যান্ড কোচ স্বভাবতই হতাশ, ‘আবহাওয়ার দিকটা খেয়াল করলে এই ম্যাচটা দুটি দলের জন্য কঠিন হবে। আমরা দুই দলই এক নৌকায়।’ প্রতিপক্ষের সঙ্গে অবশ্য পুরোপুরি একমত নন ইতালির কোচ সিজারে প্রানদেল্লি, ‘আবহাওয়া আসলেই কঠিন হবে। তবে আমরা এখানে কনফেডারেশনস কাপ খেলেছি বলে হয়তো একটু এগিয়ে থাকব।’