অন্য বাংলাদেশকে দেখল কানাডা
জিততে জিততেই বড় কিছু জেতা হয়। তাহলে জয় দিয়ে শুরু নয় কেন! ২০০৭ বিশ্বকাপে শেখা এই ‘ফর্মুলা’য় বাংলাদেশ শুরু করল ২০১১ বিশ্বকাপটাও।প্রস্তুতি ম্যাচে প্রস্তুতির ফাঁক-ফোকরগুলো ভরাট করার কথাই এত দিন জেনে এসেছে সবাই। কাল বাংলাদেশ দল সেই ধারণার মোড় ঘুরিয়ে দিল। টসে জিতেও ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ না নিয়ে করল কিনা বোলিং! শুরুর দিকে বল কিছুটা নিচু হয়ে এলেও ২২০-২২৫ রানের লক্ষ্যই দিতে চেয়েছিল কানাডা দল। যেতে পারেনি তারা এর ধারেকাছেও, ৩৭.৩ ওভারে অলআউট ১১২ রানে। ১৯.২ ওভারে ১ উইকেট হারিয়ে এই রান টপকে বাংলাদেশ বিশ্বকাপ-যাত্রা শুরু করল জয় দিয়ে।৯ উইকেটের জয়ে তামিম ইকবালই সেরা পারফর্মার। সহ-অধিনায়ক সত্যিকার অর্থে ‘লোকাল হিরো’ হলেন। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে মাঝে কিছু সময় নেতৃত্বও দিলেন মাঠে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হয়তো সে কারণেই নিজে না এসে অধিনায়ক পাঠালেন তামিমকে। প্রস্তুতি ম্যাচ সম্পর্কে নতুন ধারণা সেখানেই দিলেন সহ-অধিনায়ক, ‘ম্যাচটা আমরা জেতার জন্যই খেলেছি। জেতার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে।’ কিন্তু কেন এই নতুন সংজ্ঞা প্রস্তুতি ম্যাচের? তামিমের ব্যাখ্যা, ‘২০০৭ বিশ্বকাপের আগে আমরা জেতার মধ্যে ছিলাম। বিশ্বকাপেও সেই ধারাটা ছিল। সেজন্যই আমরা এবারও চেয়েছি জয় দিয়ে শুরু করতে।’বাংলাদেশ প্রথম লক্ষ্যে সফল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কৃত্রিম আলোয় প্রথম ম্যাচ দেখে খুশি মনে বাড়ি ফিরল ১২৩৭৭ দর্শক। ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলতে তামিম-সাকিবরাও আজ ঢাকা ফিরবেন জয় দিয়ে শুরু করতে পারার খুশি নিয়ে। তবে কানাডা অধিনায়ক আশিস বাগাইয়ের মনটা খারাপ, ‘এমনভাবে হারায় হতাশ তো হতেই হবে। প্রথম ওভারেই উইকেট হারানোটা খারাপ লক্ষণ। দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে এটা হয়েছে। তা ছাড়া আমাদের ফিল্ডিংও ভালো হয়নি। এসব জায়গায় কাজ করতে হবে।’বাগাই যে কারণে খুশি হতে পারছেন না, তামিম ঠিক সে কারণেই পিঠ চাপড়ে দিলেন সতীর্থ পেসার শফিউল ইসলামের, ‘সুহাস (শফিউল) খুব ভালো বল করেছে। বিশেষ ধরনের একটা স্লোয়ার নিয়ে ও কাজ করছিল। ডেভিসনকে সে রকম একটা বলেই আউট করেছে। তবে আজ যে অ্যাকুরেসি ছিল, তার পক্ষে এর চেয়েও ভালো বল করা সম্ভব।’ডেভিসন শফিউলের দ্বিতীয় শিকার। এর আগে কানাডিয়ান ওপেনার হিরাল প্যাটেলকে স্লিপে জুনায়েদের ক্যাচ বানিয়েছেন ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই। মাঝের ওভারটায় রবিন্দু গুনাসেকেরাকে ফিরিয়েছেন আরেক পেসার রুবেল হোসেন। ২২ রানের মধ্যে প্রথম তিনটা উইকেটই পেসাররা তুলে নিলেও ম্যাচ শেষে বাগাই বাংলাদেশি স্পিনারদের প্রশংসাই করলেন বেশি, ‘আমার মনে হয় না পেসাররা বড় সমস্যা ছিল। কিছু বাজে শট খেলার কারণেই ওই সময় উইকেট গেছে। পেসারদের চেয়ে স্পিনাররাই বেশি ভুগিয়েছে আমাদের।’ বাংলাদেশ দলের বোলিং বিশ্লেষণও সে কথাই বলে। রুবেল-শফিউলের নেওয়া ৪টি উইকেট ছাড়া কানাডার বাকি ৬টি উইকেটই গেছে স্পিনারদের ভাগে।বিশ্বকাপে নতুন চেহারা নেবে বাংলাদেশের ব্যাটিং-অর্ডার। চারে উঠে আসার কথা মুশফিকুর রহিমের, আশরাফুল খেলবেন ছয়ে। এসব পরীক্ষার সুযোগ কাল এড়িয়ে গেলেও লো-স্কোরিং এই ম্যাচেই দেখা হয়ে গেল অন্য কিছু বিষয়। তাতে পাওয়ার প্লের ব্যাটিং নিয়ে দুই রকমের অনুভূতি হতে পারে কোচ জেমি সিডন্সের। প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৭০ রান হয়তো ভালোই। কিন্তু ব্যাটিং পাওয়ার প্লেতে মাত্র ২৫!অবাক হওয়ার কিছু নেই, ১৯.২ ওভারের ইনিংসেই তামিম-ইমরুল ব্যাটিং পাওয়ার প্লেটাও নিয়ে নিয়েছিলেন। কিন্তু ১৩ থেকে ১৭তম ওভারের ওই সময়টাতে রান এসেছে মাত্র ২৫, হারাতে হয়েছে তামিমের উইকেট। লো-স্কোরিং ম্যাচ বলেই নয়, বিশ্বকাপেও একটু আগেভাগেই ব্যাটিং পাওয়ার প্লে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তামিম, ‘আমাদের একটা চিন্তাভাবনা আছে...আমি যদি খুব ভালো খেলতে থাকি হয়তো শুরুতেই ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে নেওয়া হবে...যদি টিম ম্যানেজমেন্ট ঠিক মনে করে। তবে আজকে (গতকাল) যেভাবে ব্যাটিং করেছি এভাবে ব্যাটিং করলে হয়তো কোনোভাবেই নেবে না।’ ৫৪ রানে একবার জীবন পেলেও তিন ছক্কা আর সাত বাউন্ডারিতে ৫০ বলে ৬৯ রান খুব খারাপ তো নয়! কিন্তু তামিমের তাতে মন ভরল না, ‘৫৫ পর্যন্ত ঠিক ছিল, এরপর বাজে খেলেছি। ৫৫ রানের পরের ব্যাটিংটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।’তার পরও নতুন বলে শফিউল-রুবেলের ভালো বোলিং, স্পিনারদের উইকেট নেওয়ার ক্ষুধা—সব মিলিয়ে কানাডা ম্যাচকে বিশ্বকাপের ‘পারফেক্ট শুরু’ বলতে পারেন। ‘পারফেক্ট’ সম্ভবত জয় দিয়ে শুরু করতে পারাতেই। জয়ের অভ্যাস থেকেই তো বড় কিছু জেতা হয়!