অন্য বাংলাদেশকেই দেখে এসেছেন ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড বই বলবে, ভারত-বাংলাদেশ ওয়ানডে লড়াইয়ের ফল ১৭-২। মহেন্দ্র সিং ধোনিকে জিজ্ঞেস করুন। উত্তর হওয়ার কথা ৬-২! ধোনির অভিষেকের পর বাংলাদেশ-ভারত ওয়ানডে দ্বৈরথের গল্প যে এটাই। আট ম্যাচে ভারত জিতেছে ছয়টিতে, দুটিতে বাংলাদেশ। দুই দেশের প্রথম ১১ ম্যাচে বাংলাদেশের কোনো জয় নেই, জয় পাওয়ার সম্ভাবনাও জাগেনি তার কোনোটিতে। সেই সময়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগের দিন ভারতীয় খেলোয়াড়েরা হেসেখেলে বেড়ালেও টিম ম্যানেজমেন্ট আপত্তি করত না। এই ম্যাচ মানে তো মাঠে নামো-জেতো!মহেন্দ্র সিং ধোনির সেই অভিজ্ঞতা হয়নি। বরং অভিষেকের দিন থেকেই বাংলাদেশ বড় ‘ঝামেলার দল’ হিসেবেই দেখা দিয়েছে তাঁর সামনে। ধোনির আবির্ভাবের সঙ্গে কাকতালীয়ভাবে যে মিলে গেছে ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াকু দল হয়ে ওঠা! এবার বাংলাদেশে এসে প্রথম সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক হাসতে হাসতে বলেছেন, ‘বাংলাদেশকে ভুলি কীভাবে! এখানেই যে ওয়ানডে অভিষেকে শূন্য রানে রানআউট হয়েছিলাম!’ ২০০৪ সালের ডিসেম্বরে সেই ম্যাচটি হয়েছিল চট্টগ্রামে। যেটিতে মাত্র ১১ রানে হেরেছিল বাংলাদেশ। দুই দিন পর ঢাকায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম পরাজয়ের সাক্ষী ধোনি। মাঝখানে এক ম্যাচ পরই আবারও তিনি পরাজিত দলে। সেটি ২০০৭ বিশ্বকাপ, ত্রিনিদাদের যে পরাজয় কাঁপিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেটের ভিত্তিমূল। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ভারতের বিদায় টালমাটাল করে দিয়েছিল বিশ্বকাপ-বাণিজ্যের জগেকও। সেই ভারতীয় দলের কারোরই ওই ম্যাচটা ভোলার কথা নয়। ধোনির তো আরও নয়। বাংলাদেশের বিপক্ষে তাঁর দ্বিতীয় শূন্যের অভিজ্ঞতা যে ওই ম্যাচেই!ওই বিশ্বকাপের পর পরই ভারত যখন বাংলাদেশ সফরে এল, ওয়ানডে সিরিজ শুরুর আগে পরিসংখ্যানের খণ্ডিত একটা অংশ খুব অদ্ভুত দেখাচ্ছিল। সর্বশেষ তিন ম্যাচে বাংলাদেশ ২-১-এ এগিয়ে। ধোনি খেলেছেন, এমন চার ম্যাচে বাংলাদেশ-ভারত সমানে সমান—২-২! সেটি বাংলাদেশের পক্ষে ৩-২ প্রায় হয়েই যাচ্ছিল। হয়নি যে, সেটির কারণও ধোনি। বাংলাদেশের ২৫০ তাড়া করতে নেমে ভারত ৫ উইকেটে ১৪৪। সেখান থেকে হ্যামস্ট্রিংয়ের ব্যথায় কাতর ধোনি একরকম এক পায়ে দাঁড়িয়ে ম্যাচটা বের করে নেন। সেই ম্যাচে অপরাজিত ৯১-ই বাংলাদেশের বিপক্ষে ছয় ইনিংসে ধোনির একমাত্র হাফ সেঞ্চুরি, বাকি পাঁচ ইনিংস মিলিয়ে রান মাত্র ৫৫। ক্যারিয়ার গড় যেখানে ৫০.৬৮, বাংলাদেশের বিপক্ষে তা ৩৬.৬৮। ভারতীয় দলের অন্য কেউ তাই বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করলেও করতে পারেন, ধোনির তা করার কথা নয়। আবির্ভাবের দিনটি থেকেই যে দেখে আসছেন বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। ধোনির অভিষেকের আগে ভারতের বিপক্ষে ১১ ম্যাচে মাত্র দুবার দুই শ রান করতে পেরেছিল বাংলাদেশ। ধোনির অভিষেকের পর আট ম্যাচে করেছে সাতবার। তিনবার আছে আড়াই শ বা এর চেয়ে বেশি রানও। একবার তো ২৮৩-ও।এই ২৮৩ দুই দলের সর্বশেষ ওয়ানডে-সাক্ষাতে। ২০০৮ সালের জুনে করাচিতে এশিয়া কাপের ওই ম্যাচটিকে বাংলাদেশ মনে রেখেছে অলক কাপালির ৯৬ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংসটির কারণে। ১০টি চার আর পাঁচটি ছয়ে সাজানো ইনিংসটি ম্যাচ উইনিংই হয়ে যেত, যদি সুরেশ রায়না (অপরাজিত ১১৬) ও গৌতম গম্ভীর (৯০) বাংলাদেশের ফিল্ডারদের মাখন-মাখানো হাতের অমন আনুকূল্য না পেতেন।ধোনির আবির্ভাবের পর ভারতের বিপক্ষে একমাত্র যে ওয়ানডেটিতে বাংলাদেশ দুই শ করতে পারেনি, সেটিও বাংলাদেশের ব্যর্থতা নয়। সেটি বিশ্বকাপের ওই ম্যাচ, যাতে দুই শ করার প্রয়োজনই পড়েনি। প্রথমে ব্যাটিং করে মাত্র ১৯১ রানেই যে শেষ হয়ে গিয়েছিল ভারত।আজ ভারতের বিপক্ষে আরেকটি ম্যাচের আগে বাংলাদেশ নিশ্চিতভাবেই ওই ম্যাচ থেকে প্রেরণা খুঁজবে। মিরপুরে ফিরিয়ে আনতে চাইবে পোর্ট অব স্পেনকে। ২০০৪-এর ২৬ ডিসেম্বরের বঙ্গবন্ধু স্টেডিয়াম ফিরে এলেও তো হয়।কিন্তু ফিরিয়ে আনবেটা কে? ভারতের বিপক্ষে বাংলাদেশের দুটি জয়েরই নায়ক যে আজকের ম্যাচে দর্শকের ভূমিকায়। বাংলাদেশের সঙ্গে খেলা হলে একমাত্র তাঁকে নিয়েই ভারতীয় দল একটু বাড়তি চিন্তাভাবনা করে। এই ম্যাচের আগে ধোনির দল সেই ঝামেলা থেকে মুক্ত। ৃধূমকেতুর মতো বাংলাদেশের ক্রিকেটাকাশে আবির্ভূত হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রাণভোমরা। তাঁর অভাবটা প্রতিনিয়তই অনুভব করে বাংলাদেশ। তবে আজ বোধ হয় করবে সবচেয়ে বেশি। একটু কান পাতলেই শোনা যাবে হাহাকারটা—ভারতের বিপক্ষে খেলা, অথচ মাশরাফি বিন মুর্তজা নেই!