অন্য ভূমিকায় থাকতে চান স্মিথ

এখন তিনি সাবেক। সাদা পোশাক হোক কিংবা রঙিন, দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রায়েম স্মিথকে আর কখনো ব্যাট হাতে দেখা যাবে না। প্রোটিয়াদের সঙ্গেই সম্পর্কটা কি চুকে গেল সদ্য বিদায়ী অধিনায়কের? স্মিথ কিন্তু সেটা মনে করছেন না। দেশের ক্রিকেটে অবদান রাখতে চান তিনি, ভবিষ্যতে যুক্ত হতে চান অন্য কোনো ভূমিকায়। অবসর-পরবর্তী সংবাদ সম্মেলনে সরাসরিই বললেন সেই ইচ্ছের কথা, ‘দলের বাইরেও অনেক চ্যালেঞ্জ আছে। আমি সেখানে সাহায্য করতে চাই। দীর্ঘ ক্যারিয়ারে আমার অনেক অভিজ্ঞতা জমা হয়েছে, আমি সেটা ভাগাভাগি করতে চাই।’
কেপটাউনে দ্বিতীয় ইনিংস শুরুর আগে ড্রেসিংরুমে সতীর্থদের ডেকে বলেছিলেন অবসরের কথাটা। মনে মনে হয়তো ভেবে রেখেছিলেন আরও আগে থেকেই। কিন্তু সতীর্থদের খবরটা দিতে গিয়ে কি একটুও কেঁপে ওঠেনি গলাটা? স্মিথ শোনালেন সেই মুহূর্তের অনুভূতিও, ‘আমি ওদের কথাটা জানানোর পর রাতটা খুব কঠিন গেছে আমাদের। আমি খুব বেশি শব্দ বলতে পারিনি। সবচেয়ে কঠিন ছিল তাদের বিদায় বলাটা। অনেক দিন ধরেই তো এটা আমার পরিবার।’
অধিনায়ককে বিদায় জানাতে গিয়ে সতীর্থদের অনুভূতিটাও আন্দাজ করা যায় কিছুটা। দক্ষিণ আফ্রিকার এই দলের কেউই যে স্মিথ ছাড়া অন্য কাউকে টেস্ট অধিনায়ক হিসেবে পায়নি কখনো! এত দিন তাঁর বিকল্প ভাবতে হয়নি তাই ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকেও (সিএসএ)। এখন সেটা ভাবতে হচ্ছে। টেস্ট দলে তাঁর উত্তরসূরি হিসেবে সবাই হয়তো এবি ডি ভিলিয়ার্স বা ফ্যাপ ডু প্লেসিসের কথা ভাবছেন। তবে নতুন টেস্ট অধিনায়ক বেছে নিতে গিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন সিএসএর প্রধান নির্বাহী হারুন লরগাত, ‘আমাদের পরের টেস্ট সিরিজ জুলাইয়ে শ্রীলঙ্কার সঙ্গে। সুতরাং নির্বাচকেরা কিছুটা সময় পাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে ভাবার।’ ওয়েবসাইট।