অন্য ভূমিকায় রবার্তো কার্লোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রি-কিক থেকে গোল করাকে শিল্পের পর্যায়েই নিয়ে গিয়েছিলেন তিনি। ব্রাজিলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপটাও জয় করা হয়েছে। পৃথিবীর অন্যতম শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে পেশাদারি ক্যারিয়ারকে দিয়েছেন পূর্ণতা। ফুটবল থেকে যা পাওয়ার, প্রায় সবই পাওয়া হয়ে গেছে। ৩৯ বছর বয়সে এবার অনুষ্ঠানিকভাবে বুটজোড়া তুলে রাখলেন ব্রাজিলীয় ডিফেন্ডার রবার্তো কার্লোস।২০১১ সালের ফেব্রুয়ারিতে যোগ দিয়েছিলেন রাশিয়ার পেশাদারি ক্লাব আনঝি মাখাচাকলায়। মাঠের ফুটবলকে বিদায় জানিয়ে এই আনঝি মাখাচাকলাতেই কার্লোস বেছে নিয়েছেন তাঁর নতুন কর্মক্ষেত্র। এখন থেকে রুশ এই ক্লাবের অন্যতম পরিচালক হিসেবে এর উন্নয়নে ভূমিকা রাখবেন তিনি।এদিকে আনঝির ডাচ কোচ গাস হিডিঙ্ক রবার্তো কার্লোসের এই নতুন ভূমিকাকে স্বাগত জানিয়ে বলেছেন, ওর মতো বিশ্বমানের একজন ফুটবলার আনঝি ক্লাবসহ গোটা রাশিয়ার ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আনঝির পরিচালক হিসেবে রবার্তো কার্লোস আপাতত তাঁর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে একটি প্রীতিম্যাচ আয়োজনের প্রস্তুতি শুরু করেছেন। এ কথা জানিয়ে এক সংবাদ সম্মেলনে কার্লোস বলেন, ‘রিয়ালের সঙ্গে আনঝির ম্যাচটিই হবে ফুটবলার হিসেবে আমার বিদায়ী ম্যাচ।’ দুই ক্লাবের জন্য সুবিধাজনক একটি সময়ে ম্যাচটি আয়োজিত হবে বলেও তিনি জানান।রবার্তো কার্লোস ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়েছেন ১২৫টি আন্তর্জাতিক ম্যাচে। বিশ্বকাপ খেলেছেন তিনটি। ২০০৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ব্রাজিল হেরে যাওয়ার পরপরই তিনি জাতীয় দল থেকে সরে দাঁড়ান। ওই ম্যাচে থিয়েরি অঁরির গোলটির জন্য তাঁকেই দায়ী করা হয়েছিল। ক্লাব ফুটবলে খেলেছেন বপালমেইরাস, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও করিন্থিয়ান্সের হয়ে। রিয়ালের হয়ে কাটিয়েছেন সফল ১১টি মৌসুম। রয়টার্স।