অন্য রকম ক্রিকেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রেমে বাঁধা অনন্য সব ক্রিকেট স্মারক। দৃক গ্যালারিতে চলছে বাংলাদেশ ক্রিকেট উত্সব ২০১৪  প্রথম আলো
ফ্রেমে বাঁধা অনন্য সব ক্রিকেট স্মারক। দৃক গ্যালারিতে চলছে বাংলাদেশ ক্রিকেট উত্সব ২০১৪ প্রথম আলো

কক্ষে ঢুকতেই আপনাকে স্বাগত জানাবে হিজিবিজি অনেক লেখার একটি ব্যানার। লেখাগুলো আসলে দর্শনার্থীদের মন্তব্য, মুগ্ধতার স্মারক। চাইলে মন্তব্যগুলো পড়ে প্রদর্শনী দেখতে পারেন, কিংবা প্রদর্শনী দেখে এসে মন্তব্য পড়তে পারেন। মুগ্ধতা বাড়বে বৈ কমবে না। ধানমন্ডির দৃক গ্যালারির প্রদর্শনীকক্ষে যেন থমকে গেছে সময়, যেখানে এসে মিলেছে বাংলাদেশ ক্রিকেটের অতীত আর বর্তমান। ফ্রেমে বাঁধানো বাংলাদেশ ক্রিকেটের গৌরবময় পথচলার দারুণ সব মণিমুক্তা!
ক্রিকেট স্মারকের চমৎকার এ প্রদর্শনীটি আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির আগমনী সময়েই সংগঠনটি আয়োজন করেছে ‘বাংলাদেশ ক্রিকেট উৎসব ২০১৪’। সংগঠনের প্রেসিডেন্ট জুনাইদ পাইকার ব্যক্তিগত সংগ্রহের ক্রিকেট স্মারক নিয়ে একটি প্রদর্শনী করেছিলেন কিছুদিন আগে। এবারের প্রদর্শনী আরও সমৃদ্ধ হয়েছে সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন এবং বিসিএসএর কয়েকজন সদস্যের সংগৃহীত আরও অনেক স্মারকে।
কী নেই প্রদর্শনীতে! আছে বাংলাদেশের প্রথম টেস্ট, প্রথম টেস্ট জয়, কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোসহ স্মরণীয় সব জয়ের ম্যাচের স্টাম্প। সবচেয়ে উজ্জ্বল তবু যেন রংহীন পুরোনো একটি স্টাম্প। সেটি যে ১৯৯৭ আইসিসি ট্রফি জয়ের সেই স্মরণীয় মুহূর্তের সাক্ষী! পথ হারানো মোহাম্মদ আশরাফুলের জন্য আরেকবার আক্ষেপ ঝরে পড়বে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়া ব্যাট, অস্ট্রেলিয়াকে হারানোর ব্যাট দেখে। মুশফিকের ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়া ব্যাটসহ দেখতে পাবেন বিভিন্ন টুর্নামেন্ট-সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের স্বাক্ষর-সংবলিত আরও কিছু ব্যাট।
প্রদর্শনী আটকে নেই শুধু বাংলাদেশের ক্রিকেট স্মারকে। আছে বিভিন্ন দলের অটোগ্রাফসহ জার্সি, সবচেয়ে অমূল্য মুরালিধরনের অটোগ্রাফসহ টেস্ট জার্সি। ফ্রেমবন্দী আছে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার ব্যবহূত গ্লাভস। একটা প্রান্তে গিয়ে আবার থমকে দাঁড়াতে হবে কিছুক্ষণ। অকালপ্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলাম রানার অটোগ্রাফসহ জার্সি মনে করিয়ে দেবে জীবনের কঠিনতম বাস্তবতা।
একটি দেয়ালে আবার ফুটে উঠেছে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস। বইপত্র বা ইন্টারনেট ঘেঁটেও যা খুঁজে পাওয়া যাবে না। ক্রীড়া সাংবাদিক নাজমুল আমিন কিরণের সংগৃহীত পেপার কাটিংগুলো যেন কালের সাক্ষী। এমসিসির সঙ্গে বাংলাদেশের প্রথম বেসরকারি টেস্ট, এখন কোচ সারোয়ার ইমরানের ঢাকা লিগে ১০ রানে ৮ উইকেট, একই ম্যাচে দীপু রায় চৌধুরীর হ্যাটট্রিক ও সেঞ্চুরি, চট্টগ্রাম লিগে প্রথম সেঞ্চুরিয়ান নাফিস-তামিমের বাবা ইকবাল খান, আরও কত কত গৌরবময় কীর্তির আখ্যান সেখানে!
শুধু প্রদর্শনীতেই আটকে নেই ক্রিকেট উৎসব। কাল ছিল ক্রিকেট সাংবাদিকতা নিয়ে সেমিনার। আজ বেলা তিনটায় দর্শনার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবেন সাবেক তিন জাতীয় ক্রিকেটার আমিনুল ইসলাম, হাবিবুল বাশার, জাভেদ ওমর এবং মহিলা দলের সাথিরা জাকির। বিকেল চারটায় আছে ক্রিকেট লেখা নিয়ে কর্মশালা। আগামীকাল শেষ দিন সকাল সাড়ে ১০টায় মাঠের বাইরের জগতের কথা জানাবেন ক্রিকেট সংগঠকেরা, বিকেল চারটায় এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশের চার বিখ্যাত ক্রিকেট-ভক্তকে নিয়ে ‘ফ্যানাটিক এক্সপেরিয়েন্স’।
ক্রিকেটের সামান্যতম ভক্ত হলেও এই প্রদর্শনীতে একবার ঢুঁ মারার সুযোগ হারানো ঠিক হবে না। সুযোগটা উন্মুক্ত সবার জন্যই!